বাংলাদেশের আক্ষেপ আর কিছু পাওয়ার অলিম্পিকও

৩০৭টি সোনার পদকের জন্য লড়েছে ২০৭টি দেশ। কমপক্ষে একটি করে হলেও সোনা জিতেছে—এমন দেশের সংখ্যাও কম নয়। কিন্তু সেই ৫৯টি দেশের মধ্যে নেই বাংলাদেশের লাল–সবুজ পতাকা। অন্তত একটি করে হলেও পদক জিতেছে ৮৭টি দেশ, যেটি অলিম্পিকের জন্য নতুন একটি রেকর্ড। সেখানেও নেই বাংলাদেশের নাম। ‘বি’ দিয়ে শুরু বলে অলিম্পিকের উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানের মার্চ পাস্টে শুরুর দিকেই ঢোকার সুযোগ পায় বাংলাদেশ। এবং এবারও এটিই একমাত্র অর্জন হয়ে থাকল ১৬ কোটি মানুষের দেশটির জন্য।

আজ বাংলাদেশ সময় ভোরে সমাপ্ত হলো বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের রিও পর্ব। এবার ২০২০ সালের অপেক্ষা। এশিয়ায় ফিরছে অলিম্পিক। পরের আসর হবে জাপানের টোকিওতে। ১৯৬৪ সালে এশিয়ায় প্রথম অলিম্পিকের আসর বসেছিল এই টোকিওতেই।

চার বছর পর সূর্যোদয়ের দেশে আশার নতুন সূর্য উঠবে কি না, সাদা জমিনের মধ্যে লাল বৃত্তের পতাকার দেশে দেখতে অনেকটা একই রকম লাল-সবুজ পতাকা গৌরবের সঙ্গে উড়বে কি না, কে জানে! অলিম্পিকে একটি পদকের জন্য বাংলাদেশের হাহাকার যে আজও ঘোচেনি। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বয়ে নিয়ে গেলেন তিরন্দাজ শ্যামলী রায়। উদ্বোধনী অনুষ্ঠানের পতাকাবাহক সিদ্দিকুর রহমানকে নিয়ে কিছুটা হলেও আশায় বসতি ছিল। সিদ্দিক নিজে বুঝেছেন কত পিছিয়ে আছে বাংলাদেশ। সেটা গলফে, বাকি সব খেলাতেও। বিশ্বের সেরা তো দূরের কথা, এশিয়ার সেরাও তো হওয়া হয় না আমাদের!

বাংলাদেশের জন্য আক্ষেপটাই বরাদ্দ থাকবে, এটা অনুমিতই ছিল। তবে এর মধ্যে কিছুটা হলেও আশার ঝিলিক আছে। রিদমিক জিমন্যাস্টে সোনা জেতা মার্গারিতা মামুন বাংলাদেশি বংশোদ্ভূত। বাংলাদেশের হয়ে জুনিয়র পর্যায়েও খেলেছেন রাশিয়ায় জন্ম নেওয়া এই জিমন্যাস্ট। বাংলাদেশের পাসপোর্ট আছে। এই জয় বাংলাদেশকেও উৎসর্গ করেছেন। রাজশাহীতে তাঁর দাদার বাড়িতে চলছে উৎসব, আনন্দ। এই আনন্দের ভাগীদার বাংলাদেশও। হয়তো এখান থেকেই আশার কোনো স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেবে সম্ভাবনার আগুন। একদিন বাংলাদেশের মাটিতেই জন্ম নেওয়া কেউ জিতবেন অলিম্পিক পদক, আর সেটা সোনাই!

এ কারণে এবারের অলিম্পিকেও তাই অন্যের পদক গুনেই শেষ করতে হলো বাংলাদেশকে। ৪৬টি সোনাসহ মোট ১২১টি পদক নিয়ে শীর্ষে থেকেই এবারের আসর শেষ করেছে যুক্তরাষ্ট্র। শেষ দিনে একটি সোনা জিতে চীনকে তিনে ঠেলে দুইয়ে উঠে এসেছে যুক্তরাজ্য (২৭টি সোনাসহ ৬৭ পদক)। চীন মোট ৭০টি পদক জিতলেও ব্রিটেনের পেছনে থাকতে হয়েছে ২৬ সোনা জেতায়। অলিম্পিকে সোনার পদকটাই যে আসল! নিষেধাজ্ঞার কারণে একের পর এক খেলোয়াড় হারিয়ে ফেললেও রাশিয়া ১৯টি সোনাসহ ৫৬ পদক নিয়ে সেরা চারে থেকেই শেষ করেছে।

এবারের ১৬ দিনের এই আসর নানা কারণে মনে রাখবে মানুষ। শেষে রং ছড়িয়ে যেন সেই মায়াঞ্জনই বুলিয়ে দিতে চাইল ব্রাজিল। তবে অলিম্পিক তো আসলে উদ্বোধনী বা সমাপনী অনুষ্ঠানের চাকচিক্যে নয়, উজ্জ্বল হয়ে থাকে মানুষের প্রতিনিয়ত অসম্ভবকে সম্ভব করার নতুন বার্তা ছড়িয়ে দেওয়া ক্রীড়াবিদদের জন্যই। এবার যা করেছেন মাইকেল ফেল্প্স। করেছেন উসাইন বোল্ট। মনে রাখতে হবে ব্রাজিলের ফুটবলে একটি সোনার আজন্ম আক্ষেপ ঘুচিয়ে দেওয়া নেইমারকেও।

দক্ষিণ আমেরিকায় প্রথম অলিম্পিক, নানা সংশয়-শঙ্কা নিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত সফল আয়োজন। ব্রাজিল দেশটার মতোই বর্ণিল। যার ছাপ থাকল সমাপনী অনুষ্ঠানেও। চোখধাঁধানো অনুষ্ঠানের কোন অংশটার কথা লিখে কোনটারই বা বাদ দেওয়া যায়! সবচেয়ে উল্লেখযোগ্য অংশ বোধ হয় এটাই, যখন সব দেশের পতাকাগুলো মিলে মিলে একাকার হয়ে গেল। যেন বার্তা ছড়িয়ে দিতে—নানা রং, পতাকা আর মানচিত্রে ভাগ হয়ে গেলেও আমরা কোথাও অভিন্ন সম্পর্কে জড়িয়ে আছি পরস্পরের আত্মীয় হয়ে। অলিম্পিকের পাঁচটি বৃত্তের মতো। আমরা তো আসলে সবাই এক মায়েরই সন্তান।
এই যুদ্ধমগ্ন পৃথিবীতে এই বার্তাই যেন বেশি জরুরি। আর এটাই বোধ হয় অলিম্পিকের, খেলাধুলার সবচেয়ে বড় শক্তি!