বাংলাদেশের আজ ‘নেপাল পরীক্ষা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাশাপাশি গা ঘেঁষে দাঁড়িয়ে স্টেডিয়াম দুটি। বিখ্যাত ফিরোজ শাহ কোটলা এবং ড. আম্বেদকর। বীরেন্দর শেবাগের ঘরের মাঠের ঠিক পেছনের আম্বেদকর স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলন দেখতে এসেছিল প্রাভিন আর সুমিত। দিল্লির মার্শাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের দুই ছাত্র গ্যালারিতে বসে গভীর মনোযোগে দেখল বাংলাদেশ দলের অনুশীলন। কালকের অনুশীলনে দারুণ মনোযোগী নিকোলা ইলিয়েভস্কির শিষ্যরাও। আজ যে নেপালের বিপক্ষে তাদের অগ্নিপরীক্ষা।পাকিস্তানের বিপক্ষে প্রত্যাশিত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারেনি বাংলাদেশ। ম্যাচটা ড্র হওয়াতেই পিঠ ঠেকে গেছে দেয়ালে। জিততে পারলে খুবই ভালো। ড্র করলেও হয়তো চলবে। কিন্তু পরাজয়কে কল্পনাতেও ঠাঁই দেওয়ার সুযোগ নেই বাংলাদেশের।দুই দলের পরিসংখ্যান লাল-সবুজের অনুকূলে। নেপালের বিপক্ষে এ পর্যন্ত ১৫ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১০টিতে, ১টি ড্র। সাফের চারবারের সাক্ষাতেও জয় শতভাগ। তবে এবারের বাস্তবতা ভিন্ন। নেপালের ইংলিশ কোচ গ্রাহাম পল রবার্টস তাঁর দল নিয়ে দারুণ আশাবাদী। কম্বোডিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেই সাফ-অভিযানে নেমেছেন তিনি। পরশু প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও ড্র করেছে গতবারের ফাইনালিস্ট মালদ্বীপের সঙ্গে। এসবই আত্মবিশ্বাসের পালে হাওয়া লাগাচ্ছে টটেনহাম হটস্পারের সাবেক খেলোয়াড়ের। নিজের দলের সামর্থ্যে তিনি গভীর বিশ্বাসী, ‘বাংলাদেশ, পাকিস্তান না মালদ্বীপ কে প্রতিপক্ষ, সেটা নিয়ে চিন্তিত নই। তবে এটা সত্যি বাংলাদেশ শক্তিশালী দল। তাদের খাটো করে দেখা যাবে না। তবে ছেলেরা ঠিকমতো খেলতে পারলে আমরাই জিতব।’জয়ের মন্ত্র জপতে জপতে অনুশীলনে এলেন নিকোলা ইলিয়েভস্কিও। মাঠের একদিকে পাঠিয়ে দিলেন এমিলি, মিঠুন, তৌহিদ, মামুন মিয়া, মিশু, শাহেদ, অনীকদের। অন্য পাশে গোলরক্ষক সোহেল, সুজন, প্রাণতোষ, আরিফ, কোমল ও রেজাকে। অনুশীলনে অবশ্য বেশ ফুরফুরেই দেখা গেল সুজন, আরিফদের। তবে এমিলি, মিঠুনদের নিয়েই যেন মনোযোগী ছিলেন ইলিয়েভস্কি। ‘গোল-লাজুক’ স্ট্রাইকারদের নিয়ে মেসিডোনিয়ান কোচ যে দুর্ভাবনায়, সেটা ভালোই বোঝা যাচ্ছিল। ভালো খেলেও গোল না পাওয়ার চিন্তা ভাবিয়ে তুলেছে তাঁকে। তবে আজই গোলখরা কেটে যাবে এমন আশা করছেন স্ট্রাইকার মিঠুন, ‘নেপালের সঙ্গে আমাদের জিততেই হবে। জয়ের জন্যই খেলব আমরা।’ একই কথা এমিলির মুখেও। তবে এই দুই স্ট্রাইকারকে সেরা একাদশে নামানোর নিশ্চয়তা দিতে পারেননি কোচ। বিপ্লব ভট্টাচার্যকে আজও হয়তো বসে থাকতে হবে বেঞ্চে। পরশু পাকিস্তানের বিপক্ষে আঘাত পেয়ে মুখের ভেতরে কেটে গেছে অধিনায়ক সুজনের। তবে সেটি খুব গুরুতর কিছু নয় বলেই হয়তো আজও মাঠে দেখা যেতে পারে তাঁকে।কাল দেওয়া কোচের সম্ভাব্য একাদশ অনুযায়ী আজই আন্তর্জাতিক অভিষেক হয়ে যেতে পারে মালেক ও তৌহিদের। হয়তো জুটি বেঁধেই নামবেন দুই তরুণ স্ট্রাইকার। এমিলি ও মিঠুনকে দ্বিতীয়ার্ধে দেখা যেতে পারে শুধু প্রয়োজন হলেই। প্রতিপক্ষ হিসেবে নেপালকে কেমন দেখছেন ইলিয়েভস্কি? পরশু নেপালের খেলা দেখে বাংলাদেশের কোচ একটু বিস্মিতই ‘নেপাল বেশ ফাস্ট খেলে। বোঝাপড়াটাও ভালো। তবে ওসব না ভেবে ছেলেরা যেন নিজেদের খেলাতেই সর্বোচ্চ মনোযোগটা দেয়।’ ইলিয়েভস্কি তাকিয়ে সুজনদের দিকে। সারা দেশও কি নয়?ভারতের ড্র: ড্র দিয়ে সাফ ফুটবল শুরু করল চ্যাম্পিয়ন ভারত। জওহরলাল নেহরু স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে কাল স্বাগতিক দল ১-১ গোলে ড্র করেছে আফগানিস্তানের সঙ্গে। একই স্টেডিয়ামে গ্রুপের অন্য ম্যাচে শ্রীলঙ্কা ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে।