বাংলাদেশের আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের উত্তেজনাপূর্ণ ফাইনালের শেষ ওভারে মাহমুদউল্লাহকে রান নেওয়ার সময় ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছিলেন পাকিস্তানি পেসার আইজাজ চিমা। এমন অভিযোগ করে ৫ রান জরিমানার দাবি করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) আবেদন জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এই আবেদন শেষ পর্যন্ত নাকচ করে দিয়েছে এসিসি ও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। খেলা চলার সময় মাঠের আম্পায়াররা এ বিষয়ে কোনো আপত্তি জানাননি—এমন যুক্তি দেখিয়ে বিসিবির আবেদন নাকচ করা হয়েছে।এসিসির প্রধান নির্বাহী আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা বাংলাদেশের অভিযোগটা গ্রহণ করেছি। কিন্তু ঘটনার সময় মাঠে উপস্থিত আম্পায়ারদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আপত্তি জানানো হয়নি। ফলে এখন কিছুই করার নেই।’ মাত্র দুই রানের জন্য বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ না হওয়ার বেদনায় এখনো হয়তো পুড়ছেন অনেক বাংলাদেশি সমর্থক। তবে বাংলাদেশ যে গোটা এশিয়া কাপেই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে, তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন আশরাফুল হক। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, বাংলাদেশ গোটা টুর্নামেন্টেই চমত্কার খেলেছে। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও শ্রীলঙ্কাকে তারা হারের স্বাদ দিয়েছে। ফাইনালে গিয়ে তারা হেরে গেছে ঠিকই কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা কোটি কোটি ক্রিকেটপ্রেমীর মন ঠিকই জিতে নিয়েছে।’ পিটিআই।