বাংলাদেশের আবেদন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবেদন করার সময়ই সংশয় ছিল ফল নিয়ে। প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিয়েও ছিল প্রশ্ন। শেষ পর্যন্ত অনুমিত জবাবটাই এল। পাকিস্তানকে ৫ রান পেনাল্টি দেওয়ার বাংলাদেশের আবেদন বাতিল করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এসিসির প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক কাল জানিয়েছিলেন, মাঠের আম্পায়াররা যেহেতু কোনো রিপোর্ট করেননি, এটা নিয়ে তাই কিছুই করার নেই। এশিয়া কাপ ফাইনালের শেষ ওভারের প্রথম বলে দ্বিতীয় রান নিতে গিয়ে বোলার আইজাজ চিমার সঙ্গে ধাক্কা লাগে মাহমুদউল্লাহর। তাঁকে সন্তুষ্ট থাকতে হয় ১ রান নিয়েই। বিসিবির দাবি ছিল, চিমা ইচ্ছা করেই বাধা দিয়েছিলেন মাহমুদউল্লাহকে। নিয়ম অনুযায়ী, বোলার ইচ্ছাকৃতভাবে বাধা দিলে ৫ রান জরিমানা হওয়ার কথা এবং ওই ডেলিভারিটি ডেড হওয়ার কথা। ঘটনার ভিডিও ফুটেজসহ আইসিসি ও এসিসির কাছে লিখিত অভিযোগ জানায় বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটি। আশরাফুল কাল কুয়ালালামপুর থেকে জানালেন, এ অভিযোগ নিয়ে তাদের কিছুই করার নেই, ‘বাংলাদেশের অভিযোগ আমরা পেয়েছি, কিন্তু মাঠের আম্পায়াররা যেহেতু ব্যাপারটা নিয়ে আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করেননি, কাজেই কিছুই করার নেই। কিছু করার থাকলে ফাইনালের ওই সময়ই করতে হতো। যেহেতু আম্পায়াররা ও ম্যাচ রেফারি কোনো পদক্ষেপ নেননি, ব্যাপারটা তাই ওখানেই শেষ হয়ে গেছে।’ বাংলাদেশের পারফরম্যান্সের অবশ্য প্রশংসা করেছেন এসিসির প্রধান নির্বাহী সাবেক এই বাংলাদেশি ক্রিকেটার, ‘পুরো টুর্নামেন্টে বাংলাদেশ অসাধারণ খেলেছে, বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত-শ্রীলঙ্কাকে হারিয়েছে, এই অর্জনও কম নয়। আর ফাইনাল হারলেও বাংলাদেশ কোটি মানুষের হূদয় জয় করেছে।’বিসিবির আবেদন নিয়ে প্রশ্ন থাকছে এখানেই। মাঠের খেলায় বাংলাদেশ বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে। ম্যাচের দুই দিন পর এমন একটা আবেদন করায় বাংলাদেশ ক্রিকেট কি একটু হলেও ‘হাস্যকর’ হয়ে গেল না! বিসিবির দাবি, মাঠের আম্পায়ার সতর্ক করেছিলেন বোলার চিমাকে। আদতে আম্পায়ার তখন কথা বলেছিলেন চিমা-মাহমুদউল্লাহ দুজনের সঙ্গেই। তা ছাড়া আম্পায়ার আনুষ্ঠানিক রিপোর্ট না করলে যে কিছুই করার নেই, এটা তো সাধারণ হিসাব! তবে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসের দাবি, ‘সব জেনেশুনেই আবেদন করেছিল বোর্ড, ম্যাচের ফলাফল পরিবর্তন আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা জানতাম, মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। স্রেফ টেকনিক্যাল কমিটির দৃষ্টিগোচর করার জন্যই আমরা অভিযোগ করেছি।’ ওয়েবসাইট।