বাংলাদেশের আরেকটি সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন ধরেই বাংলাদেশের হকিতে বইছে সুবাতাস। বিশ্ব হকি লিগে চীনের মতো দলকে হারানোর সুখস্মৃতি আছে। এই প্রতিযোগিতার বাংলাদেশ দল আন্তর্জাতিক অঙ্গনে সমীহ জাগিয়েছে। এটি ভবিষ্যতের জন্য বাংলাদেশের অনুপ্রেরণা। আগস্টেই নতুন মিশন—এশিয়া কাপ।ভারত, দক্ষিণ কোরিয়া, ওমানকে নিয়ে এশিয়া কাপ হকির ‘বি’ গ্রুপে বাংলাদেশ। ভারত-কোরিয়ার বিপক্ষে জেতার আশাটা বাড়াবাড়ি। বাংলাদেশ সেটা করছেও না। তবে ওমানকে হারাতে পারলে গ্রুপে তৃতীয় হওয়া খুবই সম্ভব। সে ক্ষেত্রে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ ‘এ’ গ্রুপের (পাকিস্তান, মালয়েশিয়া, জাপান ও চীনা তাইপে) চতুর্থ দল। তাইপেই (র‌্যাঙ্কিং ৪৯) পড়তে পারে সামনে। এই দলকে হারালে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ মিলবে।এশিয়া কাপে বাংলাদেশ সর্বশেষ ষষ্ঠ হয়েছে ১৯৯৯ সালে। সুবাদে পরের বছর স্কটল্যান্ডে বিশ্বকাপ বাছাইয়ের খেলার সুযোগ আসে। ষষ্ঠ হওয়া মানে, সরাসরি এশিয়া কাপ খেলার সুযোগ। বাংলাদেশ গত এশিয়া কাপ ও এশিয়াড দুটিতেই অষ্টম হয়েছে। অবশ্য বাছাইপর্বে উত্তীর্ণ হওয়ার পরই মিলেছে এশিয়া কাপের টিকিট। গত বছর ব্যাংককে এশিয়ান হকি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবার মালয়েশিয়ায় আগামী ২৪ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নবম এশিয়া কাপে খেলছে বাংলাদেশ। ষষ্ঠ হতে পারলে ওঠা যাবে ওপরের শ্রেণীতে। বাছাই আর খেলতে হবে না। তা ছাড়া ষষ্ঠ হলে এখনকার র‌্যাঙ্কিং ৪০ থেকে আরও ওপরে যাবে। নানা টুর্নামেন্ট কিংবা সিরিজে খেলার ডাক আসতে পারে তখন। বিশ্বকাপ বাছাই এখন আর নেই। বিশ্ব হকি লিগকেই বিশ্বকাপের বাছাই হিসেবে ধরা হচ্ছে। তবু এশিয়া কাপের একটা বাড়তি গুরুত্ব আছেই।সর্বশেষ কয়েকটি প্রতিযোগিতায় বাংলাদেশের সফল কোচ মাহবুব হারুনও সেটাই বলছেন। তবে এই এশিয়া কাপে চীন নেই শুনে একটু বিস্মিত তিনি। দলটা নাম প্রত্যাহার করায় তাইপে সুযোগ পেয়েছে। গ্রুপ দেখে হারুন বেশ আশাবাদী, ‘আমাদের অন্তত ষষ্ঠ হওয়ার ভালো সম্ভাবনা আছে। ওমানকে সম্প্রতি আমরা হারিয়েছি। কাজেই গ্রুপে তৃতীয় হওয়া খুবই সম্ভব। এবং ষষ্ঠ হওয়াও কঠিন মনে হচ্ছে না। ভারত-কোরিয়া আমাদের গ্রুপে থাকলেও ঘাবড়ানোর কিছু নেই।’খেলোয়াড়েরা গ্রুপিং দেখে উল্লসিত না হলেও আতঙ্কিত নন। অধিনায়ক জাহিদ হোসেন অবশ্য চীনকেই চেয়েছিলেন গ্রুপে, ‘ভারত বা কোরিয়ার একটা দল না হয়ে চীন থাকলে ভালো হতো। ওদের হারিয়ে সেমিফাইনাল খেলার সুযোগ নিতাম।’সেমিতে কখনো খেলেনি বাংলাদেশ। সেটা প্রায় অসম্ভব, অবাস্তব কল্পনাও। দিল্লিতে বিশ্ব হকি লিগে ভারতের কাছে বাংলাদেশ হেরেছে ৫-১ গোলে। ভারতের চেয়েও শক্তিশালী কোরিয়া। কাজেই দু-দুটি ম্যাচে বাংলাদেশের হার একরকম নিয়তিই বলতে হচ্ছে। তবু জাহিদের কণ্ঠে আশাবাদ, ‘র‌্যাঙ্কিংয়ে ১৮তম চীনকে হারাতে পারলে আরও বড় দলকেও হারানো সম্ভব। আমরা সহজে হাল ছাড়ব না।’তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড় জিমি, চয়ন ও বিপ্লব এখন জার্মানিতে ক্লাব হকি খেলছেন। আরেক খেলোয়াড় শেখ নান্নু এশিয়াডের গ্রুপিং দেখে বললেন, ‘একটু কঠিনই। তবে গত কিছুদিনের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবার ভালো ফল সম্ভব।’ধারাবাহিকতাই এখন বাংলাদেশের বড় শক্তি। কে বলতে পারে, এশিয়া কাপ এবার নতুন বাংলাদেশকে দেখবে না!