লম্বা লম্বা বিরতিতে ঢিলেঢালাভাবে দুটি সপ্তাহ কেটে গেল ভারতের। ধোনিদের ব্যস্ততা শুরু হয়ে যাচ্ছে। বেঙ্গালুরুতে আজ ভারতের পরীক্ষা নেবে ফুরফুরে মেজাজে থাকা কেভিন ও’ব্রায়েনরা।এখনো মাঝপথেই গড়ায়নি বিশ্বকাপ। এই পর্যায়ে ধোনির দলের বোলিংটাই যা চিন্তার। এই ছিদ্রটা মেরামত করতে ভারত একজন ব্যাটসম্যান বলি দেবে কি না, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। ধোনি নিজেই কি অদলবদলের জন্য তৈরি?ইংলিশদের বিপক্ষে আয়ারল্যান্ড প্রমাণ করেছে, তিন শ রান তাড়া করার সামর্থ্য তাদের আছে। তাই একজন ব্যাটসম্যান কম খেলানোটাও হবে ঝুঁকিপূর্ণ। পাশাপাশি মাত্র চারজন বোলার নিয়ে বড় রান ধরে রাখার নিশ্চয়তাটাও থাকা চাই। উভয় সংকটেই পড়েছে ধোনির দল।একটা উপায় হতে পারে, তিনজন পেসার খেলানো। হরভজন তো আছে-ই। সে ক্ষেত্রে টস জিতে রান তাড়া করতেই হয়তো দেখা যেতে পারে। আইরিশদের জয়ে ‘বি’ গ্রুপ উন্মুক্ত হয়ে পড়েছে। কোয়ার্টার ফাইনালের পথটা বন্ধুর হয়ে পড়েছে সবার জন্য। তাই এ মুহূর্তটা ধোনির দলের জন্য একটা বড় পরীক্ষা। সময় এসেছে তাদের কৌশলে পরিবর্তন আনার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিধ্বস্ত হয়েও বাংলাদেশের সব এখনো শেষ হয়ে যায়নি। সাকিবরা এখনো উপহার দিতে পারে বিস্ময়।ভারত জানে, তার ব্যাটিংয়ে গভীরতা আছে। দরকার শুধু ভারসাম্য আনা। মনে রাখতে হবে, ১০০ ওভারের একটি ম্যাচ ৫০ ওভারের ব্যাটিং পারদর্শিতা দিয়ে কখনোই জেতা যায় না।গ্রায়েম সোয়ান তার ঘূর্ণি দিয়ে আইরিশদের বেশ ভুগিয়েছে। এ থেকে একটা শিক্ষা নিতে পারে ভারত। আমাকে সুযোগ দিলে তিনজন মিডিয়াম পেসারের সঙ্গে দুজন স্পিনার নামাতাম। হরভজনের পাশে খেলত রবিচন্দ্রন অশ্বিন।তবে আমি এখনো বিশ্বাস করি, বল হাতে ইউসুফ পাঠানের মতো খেলোয়াড়দের দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে। আগেভাগে ব্যাটিং পাওয়ার প্লে নিয়ে ইউসুফকে আরও ওপরে খেলানো যেতে পারে। এমনকি বোলিং পাওয়ার প্লেটা ভালো গেলেও এই কৌশলটা মন্দ নয়।নমনীয়তা মানেই নৈরাশ্য নয়। বরং এটি চমৎকার চিন্তা। সময়োপযোগী সিদ্ধান্তই নিতে হবে। এ রকম নিষ্প্রাণ উইকেটে কোনো রানই নিরাপদ নয়। তাই ম্যাচ উইনারদের আরও কার্যকরভাবে ব্যবহারের ওপর নজর দিতে হবে।দিন যত গড়াচ্ছে, ভারতের ওপর থেকে ফেবারিটের তকমাটা খসে পড়ছে। ভারতকে অবশ্যই প্রতিপক্ষের সমীহ আদায় করতে হবে। ধোনির দলে হয়তো ১০ উইকেট নেওয়ার মতো বোলার নেই। কিন্তু যা আছে তা নিয়েই প্রতিপক্ষের টুঁটি চেপে ধরতে হবে। দেরি না করে একজন ব্যাটসম্যান কমিয়ে একজন অতিরিক্ত বোলার খেলানোটাই হবে ভারতের সঠিক সিদ্ধান্ত।