কাবাডি বিশ্বকাপের সাতটি আসরের মাত্র দুটিতে অংশ নিয়েছে বাংলাদেশ। ২০০৪ ও ২০০৭ সালের ওই দুটি বিশ্বকাপই হয় ভারতে। ওই দুবারই ব্রোঞ্জ জেতে বাংলাদেশ। কিন্তু এবারের বিশ্বকাপে যাওয়ার আগে কোনো পদক জয়ের ভরসা দিতে পারছেন না বাংলাদেশের কোচ সুবিমল চন্দ্র দাস। ৭-২৪ অক্টোবর ভারতের আহমেদাবাদে বসছে অষ্টম বিশ্বকাপের আসর। বাংলাদেশ দল ভারত রওনা হবে ২৫ সেপ্টেম্বর।
বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি ভালো হয়নি। ২০ জন খেলোয়াড় নিয়ে ২৬ আগস্ট থেকে শুরু হয়েছে অনুশীলন। একে তো ভারতে যাওয়ার আগে কোনো প্রস্তুতি ম্যাচের সুযোগ পাচ্ছেন না খেলোয়াড়েরা, তার ওপর ঈদের জন্য ক্যাম্প বন্ধ থাকবে চার দিন। বিশ্বকাপে যাওয়ার আগে কোচ সুবিমল দাসের কণ্ঠে তাই হতাশার সুর, ‘বিশ্বকাপের মতো বড় আসরে যাওয়ার আগে এটা খুবই অপ্রতুল অনুশীলন। একটা ক্লাব টুর্নামেন্টের আগেও এর চেয়ে বেশি প্রস্তুতি নেওয়া হয়।’ এই স্বল্প প্রস্তুতি কোনো পদক জয়েরও আশা দেখেন না সুবিমল।
বাংলাদেশ ছাড়াও এবারের বিশ্বকাপে খেলবে অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, পাকিস্তান, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র ও সাতবারের চ্যাম্পিয়ন ভারত। কোনো গ্রুপ এখনো চূড়ান্ত হয়নি। তাই চূড়ান্ত সূচিও জানতে পারেনি বাংলাদেশ দল।