ব্রিস্টল রয়্যাল ম্যারিয়ট হোটেল উৎসবের মঞ্চ হয়ে ওঠেনি। টেলিফোনে পাওয়া মাশরাফি বিন মুর্তজার কণ্ঠেও নেই উচ্ছ্বাসের বাড়াবাড়ি। টেলিভিশনে পরশু ব্রিস্টল কাউন্টি মাঠে বাংলাদেশ দলের যে উল্লাস দেখেছেন, কোচ জেমি সিডন্স যে রকম আবেগতাড়িত ছিলেন, সবই জয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়া।আজ সিরিজের শেষ ম্যাচের আগে বরং অনেক বেশি সংযত বাংলাদেশ দল। সিরিজ জয়ের তৃষ্ণা গোপনই করলেন কি না কে জানে, কাল টেলিফোনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বললেন, ‘হার-জিত পরের কথা। সিরিজ জিততেই হবে, এমন কোনো লক্ষ্য নেই। আগে আমাদের ভালো খেলতে হবে। এরপর সুযোগ এলে কাজে লাগাতে হবে।’গত বছরের ৫ নভেম্বর চট্টগ্রামে জিম্বাবুয়েকে ১ উইকেটে হারানোর ঠিক ২৪৭ দিন পর পাওয়া জয়টা দীর্ঘ প্রতীক্ষিত। ২০১০ সালেই তো এটা বাংলাদেশের প্রথম জয়! ফিল্ডিংয়ের সময় পায়ে ব্যথা পাওয়া ইয়ান বেল ব্যাটিং করতে পারবেন না ভেবে ৪৯তম ওভারে জেমস অ্যান্ডারসনের আউটের পরই উৎসব শুরু করে দিয়ে প্রতীক্ষার ব্যাপারটা বুঝিয়েও দিয়েছেন শফিউল-রুবেলরা।‘আমাদের খুবই ভালো লাগছে’ বলে এই জয়কে আনন্দের উপলক্ষের স্বীকৃতি দিয়েছেন অধিনায়কও। তবে ওই পর্যন্তই। শেষ ওয়ানডের আগে সংযমী মাশরাফি যেন পুরো বাংলাদেশ দলেরই প্রতীক। মাঠেই যা একটু দৌড়াদৌড়ি-উচ্ছ্বাস প্রকাশ, পরশু হোটেলে ফিরে আর কোনো জয়োৎসব করেনি মাশরাফির দল। আসলে সিরিজের দ্বিতীয় ওয়ানডে জয়েই সবকিছুর শেষ দেখছেন না মাশরাফি, বরং শেষটাও ভালো করার স্বপ্ন তাঁর চোখে, ‘এখনো যেহেতু একটা খেলা আছে, আনন্দে ভেসে যাওয়ার মতো কিছু হয়নি। আমাদের লক্ষ্য শেষটাও ভালো করা।’এজবাস্টনের শেষ ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনাই বেশি বলে জানালেন মাশরাফি। উইকেট দেখার পর প্রয়োজন মনে হলে কেবল একটা পরিবর্তনই নাকি আসতে পারে। জয়ের দিনে সুখবরও পেয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ইনজুরিতে পড়া রকিবুলের পায়ের হাড়ে চিড় ধরেনি। মুশফিকুরও আয়ারল্যান্ড সিরিজেই মাঠে ফিরতে পারবেন বলে আশা।দ্বিতীয় ওয়ানডেতে শ্বাসরুদ্ধকর ৫ রানের জয় যেমন বাংলাদেশ দলকে উৎসবের স্রোতে ভাসিয়ে নিচ্ছে না, তেমনি এই জয় প্রথম দুই ম্যাচের অভিন্ন এক সমস্যাকেও পারছে না ঢাকতে। আগে ব্যাট করতে নেমে দুই ম্যাচেই বাংলাদেশ যেভাবে শুরু করেছিল, তাতে দুই ম্যাচের স্কোরই আরও বড় হতে পারত। প্রথম ম্যাচে ২৫০ রান করার পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ করল ৭ উইকেটে ২৩৬ রান। সম্ভাবনা জাগিয়েও কেন বড় স্কোরের দিকে যাওয়া যাচ্ছে না, সেটির একটা কারণ খুঁজে পেয়েছেন অধিনায়ক, ‘মাঠে থাকলে কী হবে, আর না থাকলে কী হবে, এই দুটি জিনিসের পার্থক্যই মনে হয় বুঝতে পারছি না আমরা। এটা বুঝতে হবে। তবে নিয়মিত ২৫০ রান করলে এ সমস্যা থাকবে না।’ব্যাটিং নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হলেও বোলারদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক, ‘আমাদের দরকার ছিল দ্রুত ব্রেক থ্রু দেওয়া, বোলাররা সেটা দিতে পেরেছে। প্রত্যেক বোলারের কাছ থেকে আমি শতভাগ চেয়েছিলাম। পাওয়ার প্লে আর মাঝখানের ওভারগুলোতে উইকেট নেওয়া ছিল গুরুত্বপূর্ণ।’ বোলারদের প্রশংসা কোচ জেমি সিডন্সের মুখেও, ‘ফাস্ট বোলাররা আজ (পরশু) অনেক ভালো বল করেছে, ভাগ্যও কিছুটা তাদের পক্ষে ছিল। ঠিক জায়গায় বল ফেলে উইকেট নেওয়ার কাজটা করে যেতে পেরেছি আমরা। সাফল্যের রহস্য ওখানেই।’ এই সাফল্যের ধারাবাহিকতায় সিডন্সও দেখছেন বড় স্বপ্ন, ‘ইংল্যান্ডকে হারানো অবিশ্বাস্য। বিশ্বের সেরা দল সম্ভবত এখন তারাই। আমি এখন বিশ্বাস করি, ওরা (বাংলাদেশ দল) চাইলে যেকোনো দলকে হারাতে পারে।’ইংল্যান্ডকে আরও একবার হারিয়ে আজই নিশ্চয়ই কোচের কথাটা সত্যি প্রমাণ করতে চাইবে বাংলাদেশ দল।