বাংলাদেশের ইরাক-পরীক্ষা
প্রথম ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে উড়িয়ে আজ দ্বিতীয় ম্যাচটা খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ অনেক বড়—ইরাক। হোক যুদ্ধবিধ্বস্ত দেশ, তার পরও ইরাক এশীয় ফুটবলের এক পরাশক্তি। এই এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন। ইরাকের তরুণদের বিপক্ষে বাংলাদেশের ছেলেরা কতটা লড়তে পারবে, সেটি আজ দেখা যাবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু ম্যাচে। কাল অনুশীলনে ইরাককে দেখে বাংলাদেশ কিছু ধারণা পেয়েছে। বাংলাদেশ দলের ম্যানেজার হাসানুজ্জামান বাবলু শঙ্কিত একটা ব্যাপার নিয়ে, ‘ওরা তো শারীরিকভাবে এমনিতেই এগিয়ে। তার ওপর মনে হলো বেশি বয়সী খেলোয়াড় আছে। এএফসির টুর্নামেন্টে এর আগে বয়স চুরির জন্য ইরাককে জরিমানা দিতে হয়েছে বলে শুনেছি। এখানে কী হবে জানি না। তবে ব্যাপারটা আমাদের চিন্তায় ফেলেছে।’বাংলাদেশ কোচ নিকোলা ইলিয়েভস্কি ঠিক করেছেন, প্রথম পাঁচ মিনিট মাঠে ইরাকিদের খেলার ধরন দেখে কৌশল ঠিক করবেন। ইলিয়েভস্কি বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। অনেকে যখন ইরাকের নাম শুনেই ভয় পাচ্ছে, তখন মেসিডোনিয়ান কোচ অভয় দিচ্ছেন, ‘আমরা লড়ব অবশ্যই। প্রতিপক্ষ দলটার নাম ইরাক হলেও আমরা ভয় পাই না।’মালদ্বীপের বিপক্ষে ছোট ছোট কিছু ভুল ছিল। সেসব নিয়ে কাজ করেছেন কোচ। আজ দলে পাঁচটি পরিবর্তন আনবেন বলে জানিয়েছেন। গত ম্যাচের দুই গোল করা স্ট্রাইকার মাসুদ রানাকেও নাকি বসাবেন বেঞ্চে! জানালেন, মালদ্বীপকে বড় ব্যবধানে হারালেও রাতে ঘুম হয়নি। ইরাক ম্যাচটা ঘুরপাক খেয়েছে মাথায়। ‘এটা আমাদের আসল পরীক্ষা। কঠিন ম্যাচ হবে’—বলেছেন ইলিয়েভস্কি।ইরাকি ছেলেদের দেখে মনে হয়নি পরদিনের ম্যাচের জন্য তাঁরা চিন্তিত। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাইরে হইহুল্লোড় করলেন। তবে সংবাদমাধ্যমের সামনে কথা বলতে ঘোর আপত্তি। কথা ‘বলবে না, বলবে না’ করে শেষে লিখিত পাঁচটি প্রশ্নের তিনটার উত্তর দিয়েছে।দলটির মিডিয়া ম্যানেজারের মাধ্যমে জানা গেল, ইরাক নিজেদেরই এই প্রতিযোগিতায় এগিয়ে রাখছে। যদিও গ্রুপে সব দলকেই কঠিন বলছে। মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখেছে দলটি। তাদের নজর কেড়েছেন বাংলাদেশের দুই গোল করা স্ট্রাইকার মাসুদ রানা। আজ ভালো খেলেই তারা বাংলাদেশকে হারাতে চায়। আজ বিকেল চারটায় ওমান-মালদ্বীপ ম্যাচ।