বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়ের মিশন
প্রথম টেস্টে ৩৫৫ রানের বড় ব্যবধানের হার দিয়ে জিম্বাবুয়ে সফরের শুরুটা খুব একটা সুখকর হয়নি বাংলাদেশের। তবে দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ১৪৩ রানের জয় দিয়ে সমতা নিয়েই শেষ করেছে টেস্ট সিরিজ। এবার লক্ষ্য ওয়ানডে সিরিজ জয়। এই লক্ষ্য নিয়েই আগামীকাল প্রথম ওয়ানডেতে মাঠে নামবে মুশফিক বাহিনী। সাম্প্রতিক সময়ে একদিনের ক্রিকেটে ভালো পারফরম্যান্সের অনুপ্রেরণা নিয়েই আগামীকাল স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সটা খুবই আশাব্যঞ্জক। সর্বশেষ শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে সমতা নিয়ে শেষ করেছিলেন মুশফিক-আশরাফুল-নাসিররা। এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকেও হারের স্বাদ দিয়েছিল বাংলাদেশ। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আধিপত্য বিস্তার করেই ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল টাইগাররা। সাম্প্রতিক সময়ের এই ভালো পারফরম্যান্সের সুখস্মৃতিই হয়তো প্রধান অনুপ্রেরণা হবে বাংলাদেশের। ২০০৭ সালের পর জিম্বাবুয়ের মাটিতে তিনটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০০৭ সালে চার ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশ জিতেছিল ৩-১ ব্যবধানে। ২০০৯ সালেও এই আধিপত্য বজায় রেখেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেবার পাঁচ ম্যাচের সিরিজটি তাঁরা জিতেছিলেন ৪-১ ব্যবধানে। তবে শেষবারের সফরে, ২০১১ সালে সফল হতে পারেনি টাইগাররা। পাঁচ ম্যাচের সিরিজটি জিম্বাবুয়ে জিতেছিল ৩-২ ব্যবধানে। শেষবারের ওই সিরিজ জয়টা থেকেই হয়তো অনুপ্রেরণা নিতে চাইবে জিম্বাবুয়ে। কারণ, বর্তমান সময়ে ওয়ানডেতে বাংলাদেশের মতো ভালো কোন সুখস্মৃতি নেই জিম্বাবুয়ের। আন্তর্জাতিক অঙ্গনে শেষ ছয় ম্যাচের সব কটিতেই হেরেছে তারা। নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হয়েছে জিম্বাবুয়েকে। — বাসসবাংলাদেশ দল (সম্ভাব্য একাদশ) : তামিম ইকবাল, শামসুর রহমান, মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ/জিয়াউর রহমান, সোহাগ গাজী, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম ও রবিউল ইসলাম। জিম্বাবুয়ে দল (সম্ভাব্য একাদশ) : ভিসু সিবান্দা, রেগিস চাকাবভা/সিকান্দার রাজা, হ্যামিলটন মাসাকাদজা, ব্রেন্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), ম্যালকম ওয়ালার, শেন উইলিয়ামস, এলটন চিগাম্বুরা, নাতসাই মুশাংগুই, সিঙ্গি মাসাকাদজা, কাইল জার্ভিস ও ব্রায়ান ভিটোরি।