বাংলাদেশের কাছে হার লজ্জাজনক: সাইমন ডুল
বাংলাদেশের কাছে ‘ধবল ধোলাই’ হওয়াকে নিউজিল্যান্ডের বিভিন্ন পত্র-পত্রিকা তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে বর্ণনা করেছে। যে বাংলাদেশকে এই সেদিনও বলে-কয়ে হারিয়েছে কিউইরা, সেই বাংলাদেশের কাছে হার কিছুতেই মেনে নিতে পারছে না তারা। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুলও সবার সঙ্গে গলা মিলিয়ে বলেছেন, ‘বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়া নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য অত্যন্ত লজ্জাজনক।’কিউই দলের এ সাবেক বোলার দেশটির লাইভস্পোর্ট নামে এক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, ‘যেকোনো কন্ডিশনেই নিউজিল্যান্ডের উচিত প্রতি ১০ ম্যাচের নয়টিতে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নেওয়া। হতে পারে, বাংলাদেশ এ মুহূর্তে ভালো করছে, হতে পারে তারা নিজ মাঠে, নিজ দর্শকদের সামনে খেলেছে, কিন্তু এগুলো কোনো অজুহাত হতে পারে না।’বাংলাদেশের কাছে এমন লজ্জাজনক পরাজয়ের পর আগামী বছরের ফেব্রুয়ারিতে উপমহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের কোনো সম্ভাবনাই দেখছেন না বলে মন্তব্য করেছেন ডুল। তিনি বলেন, বাংলাদেশের কাছে ৪-০-তে হারার পরও যারা মনে করছে বিশ্বকাপে নিউজিল্যান্ড ঘুরে দাঁড়াবে, তারা বোকার স্বর্গে বাস করছে।নিউজিল্যান্ডের কোচ মার্ক গ্রেটব্যাচের সমালোচনা করে ডুল বলেন, অ্যান্ডি মোলসের পদত্যাগের পর খেলোয়াড়েরা যে ধরনের কোচ চেয়েছিলেন, গ্রেটব্যাচ একদমই তেমন কেউ নন। তবে কোচের সমালোচনার পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্সের দিকেও তির্যক তীর ছুড়েছেন ডুল। তিনি বলেন, নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা চূড়ান্ত রকমের অসফলতার পরিচয় দিয়ে চলেছে। উদ্বোধনী ব্যাটসম্যান ব্র্যান্ডন ম্যাককালাম বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সাতটি ম্যাচে রান পাননি। রস টেইলর সর্বশেষ ৪০টি ম্যাচে কোনো শত রান পাননি। এসবই কিউই খেলোয়াড়দের করুণ পারফরম্যান্সের উপাখ্যান।—নিউজিল্যান্ড হেরাল্ড