বাংলাদেশের কাতারেই অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতের উল্লাস। ছবি: রয়টার্স
অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতের উল্লাস। ছবি: রয়টার্স

এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার মধ্যে দুটি জায়গায় দারুণ মিল। দুটি দল সুপার টেনে নিজেদের তিনটি ম্যাচেই হেরেছে। প্রতিপক্ষও অভিন্ন—ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। আজ মিরপুরে অস্ট্রেলিয়াকে ৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ভারত যেন জানান দিল, তারা এসেছে শিরোপা জিততে।
গত তিনটি ম্যাচে ভারত জিতেছে পরে ব্যাট করে। আজ অবশ্য টসে হেরে ব্যাট করতে হলো আগেই। তাতে ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলল না। জয় এল সহজেই। ভারতের দেওয়া ১৬০ রানের লক্ষ্যটা অস্ট্রেলিয়ার কাছে মনে হলো পর্বত-সমান। শুরু থেকেই চলল উইকেট পতনের মিছিল। সেটি থামল ৮৬ রানে গিয়ে। হারতে হলো ৭৩ রানের বিশাল ব্যবধানে।
গ্লেন ম্যাক্সওয়েল খানিকটা জ্বলে উঠলেও তা সাময়িক বটে, পরাজয় ঠেকানোর জন্য যথেষ্ট নয়। রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ২৩ এসেছে ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার বড় ‘হন্তারক’ অশ্বিনই। ডানহাতি এই স্পিনারের ঝুলিতে পড়েছে চারটি উইকেট। ম্যাচ- সেরাও তিনি।

গত বছরের অক্টোবরে রাজকোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে যুবরাজ সিং খেলেছিলেন অপরাজিত ৭৭ রানের অসাধারণ এক ইনিংস। কয়েক মাসের ব্যবধানে আজ মিরপুরে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিপক্ষ ফের অস্ট্রেলিয়া। যুবরাজের ব্যাটও চওড়া হয়ে উঠল ফের। খেললেন ৬০ রানের দারুণ এক ইনিংস। যুবরাজের ফিফটির সুবাদে নির্ধারিত ২০ ওভারে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ১৫৯।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে বেশ বিপাকেই পড়েছিল ভারত। ১১.৩ ওভারে ৬৬ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর ভারতের চ্যালেঞ্জিং স্কোর পাওয়াই কঠিন হয়ে পড়েছিল। এ অবস্থায় দলকে উদ্ধার করে যুবরাজ-মহেন্দ্র সিং ধোনির পঞ্চম উইকেট জুটি। এ জুটিতে আসে সর্বোচ্চ ৮৪। স্টার্কের বলে বোল্ড হয়ে ধোনি ফেরেন ২৪ করে। ওয়াটসনের বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরার আগে যুবরাজের সংগ্রহ ৬০। উইকেট প্রাপ্তির দিক দিয়ে অস্ট্রেলিয়ার সব বোলার পেয়েছেন সমান সাফল্য । ব্রাড হজ, ম্যাক্সওয়েল, স্টার্ক, ওয়াটসন, বলিঞ্জার, মুরহেড প্রত্যেকে পেয়েছেন একটি করে উইকেট।