বিশ্বকাপে অংশগ্রহণ ও টেস্ট মর্যাদা লাভ-এই দুটি এদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুটি সাফল্য, দুটি বড় অর্জন। কিন্তু, এই বিশ্বকাপ খেলতে গিয়েই ২০০৩ সালে বাংলাদেশ বিরাট এক লজ্জার মুখোমুখি হয়েছিল, সহযোগী সদস্যদেশ, অনভিজ্ঞ কানাডার কাছে নাজেহাল হয়ে। সেই লজ্জা বাংলাদেশের ক্রিকেটকে করেছিল বিপর্যস্ত, করেছিল বিব্রত। অতীতে, ১৯৮২ সালের আইসিসি ট্রফিতে পাপুয়া নিউগিনি ও ১৯৮৬ সালের আইসিসি ট্রফিতে মালয়েশিয়ার কাছে বাংলাদেশ হেরে দেশের মানুষকে লজ্জার সাগরে ভাসিয়েছিল। কিন্তু সবকিছু ছাপিয়ে ২০০৩ সালের বিশ্বকাপের আসরে কানাডার কাছে হারটি এদেশের মানুষকে অনেক বেশি দুঃখ দিয়েছিল, অনেক বেশি লজ্জিত করেছিল। ক্রিকেটে একটি ছোট দলের কাছে বড় দলের হেরে যাওয়াটা অস্বাভাবিক কিছু না হলেও সেদিন কিংসমিডে বাংলাদেশ কানাডার বিপক্ষে যে ধরনের ক্রিকেট খেলে হেরেছিল-আপত্তি ও লজ্জার জায়গাটা ছিল সে জায়গাতেই।২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার অভিষেক টেস্টটি বাদ দিলে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স ছিল এক কথায় জঘন্য। এই সময়ে একটি ম্যাচেও বাংলাদেশ কোনো দলের বিপক্ষে ন্যুনতম প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলতে পারেনি। ক্রিকেট বিশ্বে সেসময় বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়েই বিভিন্নভাবে কটাক্ষ চলছিল। এমনই একটি সময়ে বিশ্বকাপে কানাডার বিপক্ষে ম্যাচটি ছিল নিজেদের নতুনভাবে খুঁজে পাওয়ারই ম্যাচ। সমালোচকেরাও এই ম্যাচে বাংলাদেশকেই অবিসংবাদিত ফেবারিটের মর্যাদা দিয়েছিল। মোটকথা, বাংলাদেশের একান্ত নিন্দুকও সেই ম্যাচের আগে বাংলাদেশের হারের ভবিষ্যদ্বাণী করারকোনো কারণ খুঁজে পায়নি। সেটি ছিল বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ। তারিখটি ছিল ২০০৩ সালের ১১ ফেব্রুয়ারি। বাংলাদেশের মানুষের জন্যও সেটি ছিল অন্য এক কারণে বিশেষ দিন। কারণ, সেদিন ছিল পবিত্র ঈদুল আজহার আগেরদিন। ঈদের ছুটির মধ্যেই একটি ওয়ানডে জয়ের জন্য অধীর আগ্রহে প্রতীক্ষায় ছিল এদেশের সাধারণ মানুষ। কিন্তু সেদিন, বাংলাদেশের ক্রিকেটার, বিশেষ করে ব্যাটসম্যানদের পারফরম্যান্স, মানুষের ঈদের আনন্দকে ম্লান করে দিয়েছিল।টসে জিতে সেই খেলায় কানাডা ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। মঞ্জুরুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, তাপস বৈশ্য ও মোহাম্মদ রফিকের সমন্বয়ে গড়া বাংলাদেশের বোলিং লাইনআপের সামনে স্বস্তি নিয়ে ব্যাটিং করা কানাডার ব্যাটসম্যানদের জন্য একটু কঠিন হয়েই দেখা দিয়েছিল। নিয়মিত বিরতিতেই কানাডার উইকেট পড়ছিল ১৮ রানে প্রথম উইকেট পতনের পর একশ রান পেরোনোর মাথাতেই পাঁচ উইকেট হারিয়ে কানাডা তখন কোনোমতে মান বাঁচানোর প্রতীক্ষায় রত। একপর্যায়ে ১৫৯ রানেই ৯ উইকেটে হারিয়ে ফেলে কানাডা। কিন্তু এ সময় কড্রিংটনের ১৬ ও ‘জনাব অতিরিক্ত’র ২৩ কানাডাকে নিয়ে যায় ১৮০ রানের লড়াকু সংগ্রহের দিকে। ডারবানের কিংসমিড মাঠ সবসময়ই পরে ব্যাটিংয়ে নামা দলের জন্য কঠিন হয়ে ওঠে সে হিসেবে ১৮০ রান কানাডার জন্য এক অর্থে ছিল লড়িয়ে পুঁজিই। ১৮১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা মোটামুটি ভালোই হয় বাংলাদেশের। দুই ওপেনার হান্নান সরকার ও আল শাহরিয়ার দুই কানাডীয় বোলার জোসেফ ও থুরাসিঙ্গমকে বেশ ভালোমতোই সামলাতে থাকেন। দলীয় ৩৩ রানে আল শাহরিয়ার একটি বাইরের বলকে কভারের ওপর দিয়ে মারতে গিয়ে সামাদের হাতে ধরা পড়েন। শাহরিয়ারের আউটের পরই বাংলাদেশের ইনিংসের চাকা উল্টোদিকে ঘোরা শুরু করে। একে একে আউট হন হাবিবুল বাশার, হান্নান সরকার, এহসানুল হক ও সানোয়ার হোসেন। এসময় বাংলাদেশের স্কোর দাঁড়ায় ২০ দশমিক পাঁচ ওভারে ৫ উইকেটে ১০৬। এর পর কড্রিংটনের বোলিং তোপে দূরে সরে যেতে থাকে বাংলাদেশের জয়ের আশা। আউট হন অলক কাপালি, খালেদ মাসুদ ও মোহাম্মদ রফিক, তাপস বৈশ্য ও মাশরাফি। অসহায়ের মতো একদিকে দাঁড়িয়ে দলের দুঃখজনক পরাজয়টি দেখেন মঞ্জুরুল ইসলাম। বাংলাদেশের টেস্ট খেলা ব্যাটসম্যানরা বধ হন কড্রিংটন নামের এক অখ্যাত অপেশাদার বোলারের হাতে। কড্রিংটন টানা ৯ ওভার বল করে ২৭ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। ১৮০ রান তাড়া করতে নেমে ২৮ ওভারেই বাংলাদেশ অল আউট হয়ে যায় ১২০ রানে। ৬০ রানের পরাজয়ে এদেশের মানুষের ঈদের আনন্দ পরিণত হয় হতাশা ও ক্ষোভে।এখানে যে ব্যাপারটি লক্ষ্যনীয় সেটা হল অল আউট হওয়ার সময় বাংলাদেশের ইনিংসের রান রেট ছিল ৪ দশমিক ২৮। ২০ ওভারেই ১০০ রান তুলে একটি বিষয় চোখে আঙুল দিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা দেখিয়ে দিয়েছেন যে সেদিন কিংসমিডে বল বেশ ভালোমতোই ব্যাটে আসছিল এবং আপাতদৃষ্টিতে ব্যাটিং করতে সেখানে কোনো অসুবিধাই হচ্ছিল না। তারপরেও বাংলাদেশ কানাডার ১৮০ রান তাড়া করতে পারেনি কেবল ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীনতা ও অদূরদর্শী ব্যাটিংয়ের কারণে। অতিরিক্ত শট খেলা ও কানাডার মতো দলের বিপক্ষে হোম ওয়ার্ক ছাড়াই মাঠে নামা সেদিন বাংলাদেশকে ডুবিয়েছিল।২০০৩ সালের বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকা সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সেদিনের ম্যাচটি খেলেননি। তাঁর বদলে মাঠে খেলানো হয় এহসানুল হককে। সেদিনের ম্যাচটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘আসলে মহসিন কামাল ও আলী জিয়া নামের যে দু’জন সেসময় বাংলাদেশের কোচ হয়ে এসেছিলেন তাঁদের অদূরদর্শীতা ও প্রতিপক্ষকে বিচার করার দুর্বলতার খেসারত বাংলাদেশ সেদিন মাঠে দিয়েছিল। ব্যাটিংটাও সেদিন ছিল প্রচণ্ড অপরিকল্পিত। ব্যাটসম্যানরা অতিরিক্ত শট খেলে নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছিল।’ মাঠের বাইরে থেকে দেখলেও কানাডার বিপক্ষে সেই পরাজয়টিকে খালেদ মাহমুদ তাঁর ক্যারিয়ারের সবচেয়ে দুঃখজনক স্মৃতি হিসেবেই অভিহিত করেছেন।খালেদ মাহমুদের সবচেয়ে দুঃখজনক স্মৃতি হলে বাংলাদেশের ক্রিকেটামোদীদের জন্য সেই ম্যাচটি ছিল সবচেয়ে বড় দুঃস্বপ্নের অপর নাম। সেই দুঃস্বপ্ন আজো তাড়া করে ফেরে এদেশের ক্রিকেটকে।