বাংলাদেশের কিছু পাওয়ার শেষ সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙা হাট। কারও মধ্যে চাঞ্চল্য নেই। সবাই ক্লান্ত, নিস্তরঙ্গ। বিষণ্নতা যেন ছুঁয়ে যাচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে। বিশ্বকাপ নিয়ে ব্যস্ততা শেষে আজ এই মাঠে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজও। মাঠ, উইকেট যেন সেই ক্ষণই গুনছিল।বাংলাদেশ দলের কাল অনুশীলন ছিল না। তবু দুপুরের দিকে অলক কাপালি আর শাহরিয়ার নাফীস এসে কিছুক্ষণ ব্যাট-বল নিয়ে সময় কাটালেন। বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামালের ইচ্ছে হলো ক্রিকেটারদের সঙ্গে একটু কথা বলবেন। কিন্তু মাঠে নেমে জানলেন, দল আসেনি। ড্রেসিংরুমের সামনে চেয়ার পেতে তাই অলক-শাহরিয়ারের সঙ্গেই লম্বা সময় নিয়ে কথা বললেন সভাপতি। কথার বিষয় নির্দিষ্ট কিছু না। দল, পারফরম্যান্স, ক্রিকেট বোর্ডের লক্ষ্য, ভবিষ্যৎ—দুপুরের কড়া রোদে অলস ‘আড্ডা’য় ঘুরেফিরে এল এসব।বিকেলে ঐচ্ছিক অনুশীলন ছিল অস্ট্রেলিয়ার এবং সেই ঐচ্ছিক অনুশীলনেই মাইকেল ক্লার্ক, রিকি পন্টিংসহ আটজন ক্রিকেটার! ক্যালাম ফার্গুসনের একটা সংবাদ সম্মেলনও হলো। অস্ট্রেলিয়া দল স্টেডিয়ামে থাকা অবস্থায়ই কেবল মনে হচ্ছিল সিরিজটা এখনো বেঁচে আছে। বাংলাদেশ সিরিজ অস্ট্রেলিয়ার জন্য এমনিতে খুব বেশি মানে না রাখলেও ক্রিকেট তো তারা এই সিরিজের পরও খেলবে, অস্ট্রেলিয়ার মধ্যে সেই ‘সিরিয়াসনেস’। হোটেলে বসে না ঝিমিয়ে সে কারণেই গা গরম রাখতে মাঠে আসা। প্রচণ্ড গরমে ঘাম ঝরানো।ঘরোয়া ক্রিকেট ধরলে প্রায় ছয় মাস টানা ক্রিকেটের মধ্যে থাকা বাংলাদেশ দলের জন্য এই সিরিজ যতই ক্লান্তিকর আর একঘেয়ে হয়ে উঠুক, এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জিতে যাওয়ার পরও অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াই। সেটা তাদের অনুশীলনে যেমন বোঝা গেল, জানা গেল ফার্গুসনের কথায়ও, ‘আমরা তাদের (বাংলাদেশ দল) সামর্থ্য সম্পর্কে জানি। দলে প্রতিভাবান ক্রিকেটার অনেক, টপ অর্ডারেই যেমন আছে তামিম ইকবালের মতো একজন। ও একটা ভালো শুরু এনে দিতে পারলে মিডল অর্ডারের সামর্থ্য আছে দলকে বড় রানের দিকে নিয়ে যাওয়ার।’ অস্ট্রেলিয়া দলের পক্ষ থেকে আজ শেষ ম্যাচেও সেরা খেলা খেলার প্রতিশ্রুতি দিয়ে গেলেন এই ব্যাটসম্যান।অস্ট্রেলিয়া শেষটাও ভালো করতে চায়। বাংলাদেশ চায় সান্ত্বনা। শুনতে যতই ফাঁপা শোনাক, জয়টা এ ম্যাচেও প্রথম লক্ষ্য। সেটা না পেলে অন্তত যতটা সম্ভব ভালো খেলার চেষ্টা থাকবে বলে টেলিফোনে জানালেন অধিনায়ক সাকিব আল হাসান, ‘যেকোনো দলের বিপক্ষেই টার্গেট সব সময় ম্যাচ জয়। সেটা না পেলেও যেন ভালো খেলতে পারি। এমনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের জেতার সুযোগ খুবই কম। তার পরও ভালো খেললে সবই সম্ভব।’সেটা হলে আগামী মাস তিনেকের জন্য একটা সুখস্মৃতি জমা থাকে বাংলাদেশের ভান্ডারে। আগস্টে জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশ দলের আর কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই। মাঝের সময়টায় সাকিব চলে যাবেন আইপিএলে খেলতে, বাকিরা পাবেন অনেক কাঙ্ক্ষিত ছুটি। কেউ চাইলে অবশ্য জাতীয় লিগে চার দিনের ম্যাচ খেলতে পারেন। ফাইনালের আগে আরও দুই রাউন্ডের খেলা বাকি। তবে টানা খেলতে খেলতে ক্রিকেটাররা এতটাই ক্লান্ত যে ঘরোয়া ক্রিকেট থেকেও আপাতত দূরেই থাকার কথা সবার। দুই ম্যাচে হেরেও অনুশীলনে অনুপস্থিত থেকে অস্ট্রেলিয়া সিরিজের শেষ ম্যাচটাকেই তো গলার কাঁটা বলে প্রমাণ করেছে বাংলাদেশ দল! শেষ ম্যাচে অবশ্য একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখার আছে বাংলাদেশ দলের, এত দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে অলক কাপালি কী করেন। রকিবুল হাসানের জায়গায় অলকের খেলাটা একরকম নিশ্চিত। রুবেলের জায়গায় দলে ফিরতে পারেন মাশরাফি বিন মুর্তজা। অভিষেক হয়ে যেতে পারে শুভাগত হোম চৌধুরীরও।তবে কারা খেলল না খেলল, সেটিও যেন একটু গুরুত্ব হারিয়ে ফেলেছে। ম্যাচটা যে শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার।