বাংলাদেশের কিশোর গলফারের যুক্তরাষ্ট্র সাফল্য

রিও অলিম্পিকে বাংলাদেশের পতাকা ওড়াতে প্রস্তুত গলফার সিদ্দিকুর রহমান। দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে সরাসরি অলিম্পিকে খেলবেন এই গলফার। দেশের গলফের এমন সাফল্যের ক্ষণে আরেক কিশোর গলফার আফনান মাহমুদ যুক্তরাষ্ট্রে উড়িয়ে চলেছেন বাংলাদেশের পতাকা। গলফের ইউএস ফ্লোরিডা জুনিয়র ওপেনে পরশু রানার আপ হয়েছেন আফনান। চ্যাম্পিয়ন হতে না পারলেও গলফের মতো একটি খেলায় যুক্তরাষ্ট্রে গিয়ে স্বীকৃত প্রতিযোগিতায় দ্বিতীয় হওয়াও তো বাংলাদেশের প্রেক্ষিতে বড় খবর।
যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড গলফ ভিলেজ ক্লাবে অনুষ্ঠিত টুর্নামেন্টে পারের চেয়ে ২ শট বেশি খেলেন তিনি। এটি অপেশাদার গলফ টুর্নামেন্ট। অনূর্ধ্ব-১৮ এই টুর্নামেন্ট ইউএসজিএর র্যাঙ্কিং টুর্নামেন্টও।
এই টুর্নামেন্টে খেলতে গত মাসে যুক্তরাষ্ট্রে গেছেন ১৭ বছর বয়সী আফনান। বর্তমানে সেখানে সে টম বার্নেট গলফ একাডেমিতে কোচিং করছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন নামকরা অপেশাদার টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। ফ্লোরিডা জুনিয়র ওপেনে রানার-আপ হওয়ার পুরস্কারও মিলেছে হাতেনাতেই। এই টুর্নামেন্টে দ্বিতীয় হওয়ায় এবার আমন্ত্রণ পেয়েছেন হারিকেন ইউএস জুনিয়র টুর্নামেন্টে। ১৮ জুলাই আফনান অংশ নেবেন হারিকেন ইউএস জুনিয়রে। এই টুর্নামেন্ট শেষে আফনান টম বার্নেট ও রিট হুইটেকারের মতো যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা কোচদের অধীনে ৪৫ দিনের কোচিং কোর্স শেষে দেশে ফিরবেন।
এমন সাফল্যে দারুণ উচ্ছ্বসিত আফনান। যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে বলছিলেন সেই কথাগুলোই, ‘এখানে রানার-আপ হওয়ার পর খুবই ভালো লাগছে। আসলে এমন দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেশে সচরাচর পাওয়া যায় না। এখানে এই ট্রেনিং আমাকে ভবিষ্যতে ভালো খেলতে আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।’
আফনানের সঙ্গে দেশে টুর্নামেন্ট খেলেছেন সিদ্দিকুর রহমান। কিশোর এই সতীর্থের সাফল্যের পর উচ্ছ্বসিত সিদ্দিকুরও, ‘একজন গলফারের জন্য এটি অবশ্যই গর্বের বিষয়। আমি মাহির (আফনানের ডাকনাম) সঙ্গে খেলেছি। সে ভবিষ্যতে অনেক ভালো করবে। যুক্তরাষ্ট্রে যদি সে তার সেরাটা দিতে পারে, আমার বিশ্বাস ভালো ফল করবে।’
জাতীয় গলফ দলের কোচ হাবিবুর রহমান দারুণ আশাবাদী আফনানকে নিয়ে, ‘জুনিয়র গলফারদের মধ্যে সেরা সে। ওর সুইং অসাধারণ। ও যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে, আমার বিশ্বাস, সিদ্দিকুরের মতো সেও অনেক দূরে যাবে।’
এর আগে আফনান চীনে ২০১৪ সালে এশিয়ান ইয়ুথ গেমসে অংশ নিলেও কাট মিস করেছিলেন। তবে এরপর ওই বছরই লন্ডনে ব্রিটিশ জুনিয়র ওপেনে ১২০ জনের মধ্যে হয়েছিলেন অষ্টম। আর সর্বশেষ ঢাকায় গত মে মাসে হওয়া পিজিটিআই (প্রফেশনাল ট্যুর অব ইন্ডিয়া) টুর্নামেন্টে অ্যামেচার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন আফনান।