বাংলাদেশের কোচ হতে চান হুপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শ্রীলঙ্কা সফরের অধিনায়ক, সহ-অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি। কিন্তু কোচ? পাকিস্তান সফর আর বিপিএলের ডামাডোলে অনেকটাই আড়ালে পড়ে গেছে ব্যাপারটি। বাংলাদেশ ক্রিকেট দল তো এখনো কোচবিহীন! বিজ্ঞাপন দেওয়া হয়েছে আগেই। আবেদনের শেষ তারিখ ২৫ জানুয়ারি। আগ্রহীদের তালিকায় এরই মধ্যে পাওয়া গেছে বড় কয়েকটি নাম। কার্ল হুপার, ক্রেইগ ম্যাকডারমট, মার্ক গ্রেটব্যাচরা আগ্রহী বাংলাদেশের কোচ হতে।বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস কাল ইএসপিএনক্রিকইনফোকে নিশ্চিত করেছেন আগ্রহীদের নামগুলো, ‘আমরা জানি, কার্ল হুপার দায়িত্ব নিতে চান। আগে আবেদন করা মার্ক গ্রেটব্যাচ এবারও আগ্রহী। আগ্রহী ম্যাকডারমটও।’ ২০০৩ সালে ক্রিকেট ছাড়ার পর হুপার অনেকটাই আড়ালে আছেন ক্রিকেট ভুবন থেকে। সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। দুই বছর আগে অবশ্য বারবাডোজের হাইপারফরম্যান্স সেন্টারে ব্যাটিং কোচ ছিলেন। গত মে মাসে অস্ট্রেলিয়ার বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে ম্যাকডারমট এখন আয়ারল্যান্ডের বোলিং কোচ। ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, নটিংহ্যামশায়ার কোচ মিক নিউয়েলও আগ্রহী বাংলাদেশের কোচ হতে। স্টুয়ার্ট ল চলে যাওয়ার পর প্রথমে আগ্রহ দেখিয়েও পরে সরে দাঁড়িয়েছিলেন তিনি। জালাল ইউনুস জনিয়েছেন, শ্রীলঙ্কা সফরের আগে উপযুক্ত কাউকে না পাওয়া গেলে দায়িত্বে থাকবেন ভারপ্রাপ্ত কোচ শেন জার্গেনসন।