বাংলাদেশের ক্রিকেটে সাহারা পরিবার
আগামী চার বছর বাংলাদেশের ক্রিকেটের প্রায় সবকিছুতেই জড়িয়ে থাকবে সাহারা ইন্ডিয়া পরিবার। জাতীয় দলের স্পনসর থেকে শুরু করে স্কোরবোর্ডেরও স্পনসর তারা। গতকাল বিসিবির জরুরি সভায় অনুমোদন হয়েছে এসব স্পনসরশিপ।সাহারা চার বছরের জন্য স্পনসর হয়েছে জাতীয় দল, জাতীয় দলের পোশাক, বিসিবি একাডেমি, টাইটেল স্পনসর ও ইন-স্টেডিয়া, হুভার কভার, ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড ও ম্যানুয়েল স্কোরবোর্ডের। এর মধ্যে টাইটেল স্পনসর ও ইন-স্টেডিয়ার স্পনসর হয়েছে তারা শুধু ২০১২-১৩ সালের জন্য। বাকি সবকিছু ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত।২০১৪-১৫ সালের টাইটেল স্পনসর ও ইন-স্টেডিয়া স্পনরশিপ পেয়েছে বাংলাদেশের এক্সিওম টেকনোলজিস। এ ছাড়া ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত বেভারেজ আর টিকিটিং স্পনসর-স্বত্বও তাদেরই। সব মিলিয়ে আগামী চার বছরে স্পনসরশিপ বিক্রি করে ১১৩ কোটি টাকা আয় করবে বিসিবি। সাহারা শুধু জাতীয় দলের স্পনসরশিপ বাবদই আগামী চার বছরে ৯৪ লাখ ডলার দেবে বিসিবিকে।জরুরি সভায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফিজয়ী দলের প্রত্যেককে তাঁদের অবদানের জন্য পাঁচ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, দেশের ক্রিকেটে আরও যাঁরা বিভিন্নভাবে অবদান রেখেছেন, ভবিষ্যতে তাঁদেরও স্বীকৃতি দেবে বোর্ড।