বাংলাদেশের কয়েকজন ম্যাচ উইনার আছেন: জয়াবর্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপে এখনো জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা। ফলে কাল সান্ত্বনার ম্যাচ হিসেবেই বাংলাদেশের মুখোমুখি হতে হবে গত বিশ্বকাপের রানার আপদের। অবশ্য সান্ত্বনার হলেও নিয়মিত অনুশীলনে বিরতি দেয়নি লঙ্কানরা। আজ সোমবার মিরপুরে অনুশীলন শেষে যথারীতি সংবাদ সম্মেলনেও হাজির হয়েছিলেন দলীয় অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। এ সময় তিনি সিরিজটিকে হতাশার হিসেবেই উল্লেখ করেছেন।সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক বলেন, ‘এশিয়া কাপ আমাদের জন্য একটা হতাশার সিরিজ। শুরুটা ভালো হয়নি, তবে শেষটা ভালো করতে চাই। দলের সব খেলোয়াড় সম্পূর্ণ ফিট। উইকেট দেখে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী দল নিয়েই খেলব।’শ্রীলঙ্কার জন্য সান্ত্বনার ম্যাচ হলেও বাংলাদেশ কিন্তু কাল মাঠে নামবে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে যাওয়ার লক্ষ্যেই। আর বাংলাদেশের যে সেই সম্ভাবনা বেশ ভালোমতোই আছে, তা স্বীকারও করেছেন লঙ্কান অধিনায়ক জয়াবর্ধনে। তিনি বলেছেন, ‘বাংলাদেশ ভালো খেলছে। দল হিসেবে তারা বেশ শক্তিশালী। তাদের বিপক্ষে জিততে হলে ভালো ক্রিকেট খেলতে হবে। বাংলাদেশে স্বাগতিক দর্শকদের সামনে খেলা সব সময়ই অন্য দলগুলোর জন্য কঠিন। উইকেট খুব ভালো। সব ম্যাচেই রান হচ্ছে। তবে বোলারদের জন্যও কিছু সুযোগ রয়েছে।’ বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সের প্রশংসা করে জয়াবর্ধনে আরও বলেছেন, ‘বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটারই ক্যারিয়ার শুরু করেছে চার-পাঁচ বছর আগে। তাদের অনেকেই এখন ভালো করছেন। কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন বাংলাদেশ দলে। দলটি খুব ভারসাম্যপূর্ণ। তরুণেরা উঠে আসছে। কয়েকজন ম্যাচ উইনার আছেন।’ বাসস।