বাংলাদেশের গলফে নতুন রেকর্ড
১৭টি দেশের ৯৪ জন গলফার নিয়ে আগামীকাল থেকে চার দিনের গ্রামীণফোন বাংলাদেশ মাস্টার্স গলফ টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ গলফ ফেডারেশন। এটি বাংলাদেশের গলফ ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট। আগের বড় আয়োজন ছিল পাঁচ দেশের ৫০ জনের বেশি গলফার নিয়ে। এবার ৪২ জন স্থানীয় খেলোয়াড়ের সঙ্গে বিদেশি ৫২ জন। কুর্মিটোলা গলফ কোর্সে অনুষ্ঠেয় টুর্নামেন্টে তিনজন ছাড়া বাকি সবাই পেশাদার।এটি বাংলাদেশের প্রথম এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুর টুর্নামেন্ট। প্রাইজমানির দিক থেকেও টুর্নামেন্টটি বাংলাদেশের ঘরোয়া আয়োজনে সবচেয়ে বড় (৭৫ হাজার ডলার)। আগে সর্বোচ্চ প্রাইজমানি ছিল ৪৫ হাজার ডলার।টুর্নামেন্টের শীর্ষ বাছাই বাংলাদেশের পেশাদার গলফার সিদ্দিকুর রহমান। তবে এটি সিদ্দিকুরের কাছে ‘প্রস্তুতি’ টুর্নামেন্টের মতোই। কারণ, এর চেয়ে অনেক বড় টুর্নামেন্ট এশিয়ান ট্যুরে ব্রুনাই ওপেনে চ্যাম্পিয়নও হয়েছেন। দেশের মাটিতে খেলা বলেই তাঁকে আসলে খেলতে হচ্ছে। তবে দেশের উঠতি গলফারদের জন্য এটি বড় এক সুযোগ।সিদ্দিকুর জানালেন, এই টুর্নামেন্টে খেলেই ভারতে যাবেন। এ বছর ভারতে ১০টি, এশিয়ান ট্যুরে ১৫টি এবং ইউরোপে ১০টি টুর্নামেন্ট খেলবেন। ঢাকার এই বাংলাদেশ মাস্টার্স তাঁর বার্ষিক সূচিতে নেই।কাল কুর্মিটোলা গলফ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ছিলেন সিদ্দিকুর। তাঁর পাশেই ছিলেন ইংল্যান্ডের নিল রেইলি। বাংলাদেশে এই প্রথম এলেন, সিদ্দিকুরের সঙ্গে আগে কখনো খেলেননি। বললেন, গত বছর ব্রুনাই ওপেন জেতার পরই সিদ্দিকুর এবং বাংলাদেশ সম্পর্কে জানতে পারেন ব্রিটিশ গলফার।এভাবে বাংলাদেশের গলফকে বিশ্বে পরিচিত করতে উঠে আসবেন অনেক গলফার। সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের মূল পৃষ্ঠপোষক গ্রামীণফোনের ডেপুটি ডিরেক্টর মার্কেট কমিউনিকেশনস তাহমিদ আজিজুল হক, আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার সেলিম আখতারের কথায় ছিল এমনই আশাবাদ।