বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তান না আয়ারল্যান্ড—প্রশ্ন ছিল এটাই। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে বাংলাদেশের গ্রুপে আফগানিস্তান। কাল আবুধাবিতে বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের কাছে আফগানদের হারেই নিশ্চিত হয়েছে এটা। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গী বাছাইপর্বে তৃতীয় নেপাল ও ষষ্ঠ হংকং। গ্রুপ ‘বি’-তে জিম্বাবুয়ের সঙ্গে আছে চ্যাম্পিয়ন আয়ারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও হল্যান্ড। ১৬ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দিয়েই পর্দা উঠবে ২০ ওভারের বিশ্বকাপের। নেপাল ও হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের পরের দুটি ম্যাচ ১৮ ও ২০ মার্চ, চট্টগ্রামে।
আয়ারল্যান্ড ফাইনাল জিতেছে দারুণ দাপট দেখিয়ে। প্রথমে ব্যাটিং করে আইরিশরা তোলে ৭ উইকেটে ২২৫, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ ইনিংস। সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড গড়ার অসম্ভব কাজটা অসম্ভবই থেকে গেছে আফগানিস্তানের জন্য। ১৮.৫ ওভারে ১৫৭ রানে অলআউট হয়ে হেরেছে তারা ৬৮ রানে। তথ্যসূত্র: আইসিসি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব
গ্রুপ ‘এ’
বাংলাদেশ, আফগানিস্তান,
নেপাল, হংকং।
গ্রুপ ‘বি’
জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, আরব
আমিরাত, হল্যান্ড।