বাংলাদেশের চাই বাড়তি স্পিনার

কোয়ার্টার ফাইনালে যেতে হলে আগামী তিন ম্যাচের দুটিই জিততে হবে বাংলাদেশের। নিজেদের মাঠে দুর্দান্ত পারফর্ম করা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতবে—এমন ভাবনা এই মুহূর্তে একটু কঠিনই। তবে স্কটল্যান্ড-ইংল্যান্ডের বিপক্ষে জয় তো আশা করা যেতেই পারে। আর এ দুই ম্যাচে বাংলাদেশের রণকৌশলে পরিবর্তন আনাটাও অপরিহার্য হয়ে পড়েছে মনে করছেন বাংলাদেশের দুই সাবেক ক্রিকেট অধিনায়ক রকিবুল হাসান ও আমিনুল ইসলাম। এই দুই সাবেক মনে করেন, বাংলাদেশের উচিত একজন বাড়তি স্পিনার নেওয়া।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম অধিনায়ক আমিনুল ইসলাম স্কটল্যান্ডকে সহজ প্রতিপক্ষে ভাবছেন না। আইসিসি ওয়েবসাইটে লেখা নিজের কলামে লিখেছেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে এরই মধ্যে কয়েকটি ম্যাচ খেলায় স্কটল্যান্ড মোটেও বাংলাদেশের জন্য সহজ প্রতিপক্ষ হবে না। কন্ডিশন বাংলাদেশের তুলনায় স্কটিশদের অনুকূলেই বেশি থাকবে। তবে অস্ট্রেলিয়ার তুলনায় সেখানকার মন্থর উইকেটের সুবিধা নিতে হবে বাংলাদেশকে। এ কারণে দলে একজন বাড়তি স্পিনার দরকার। স্কটল্যান্ডের বিপক্ষে জয় অ্যাডিলেডের (৯ মার্চ) ইংল্যান্ড ম্যাচে মানসিকভাবে চাঙা রাখবে বাংলাদেশকে। অ্যাডিলেড ওভালের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটসম্যানদের দাপট থাকবে। মাঠের আকৃতি অনুযায়ী বোলারদের উচিত হবে ফুল লেন্থে বল করা।’ তবে বাস্তবতা মেনে ইংলিশদের এগিয়েই রাখছেন আমিনুল, ‘অভিজ্ঞতার বিচারে এ ম্যাচে ইংল্যান্ড এগিয়ে থাকবে।’
জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক রকিবুল হাসান মনে করেন, সামনের ম্যাচে তাইজুল ইসলামকে মূল একাদশে রাখা প্রয়োজন। রকিবুল প্রথম আলোকে বলেছেন, ‘স্কটল্যান্ডের বিপক্ষে অবশ্যই স্পিনার খেলাতে হবে। এ ক্ষেত্রে তাইজুলকে একাদশে রাখা প্রয়োজন। শুধু তা-ই নয়, নিউজিল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষেও আমাদের বাড়তি স্পিনার দরকার হবে।’