বাংলাদেশের চ্যালেঞ্জ শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার মহিলা ফুটবল এখনো আঁতুড়ঘরেই। ছয়-ছয়টি সাফ ফুটবল টুর্নামেন্ট হয়েছে। কিন্তু এখনো সাফের দেশগুলোকে নিয়ে মহিলা টুর্নামেন্ট আলোর মুখ দেখেনি। সুসংবাদ অবশ্যই, প্রথম সাফ মহিলা ফুটবল অবশেষে হচ্ছে।গত ডিসেম্বরে ষষ্ঠ সাফ ফুটবল, সেপ্টেম্বরে এএফসি অনূর্ধ্ব-১৯ মহিলা টুর্নামেন্টের পর প্রথম সাফ মহিলা টুর্নামেন্টের আয়োজকও বাংলাদেশ। আগামী ১২-২৩ ডিসেম্বর কক্সবাজারে বসছে দক্ষিণ এশিয়ার ৮ দেশের এই প্রতিযোগিতা।সাম্প্রতিক সময়ে বাফুফের কোনো আয়োজন মানেই ভীষণ জাঁকজমক। ড্র অনুষ্ঠান হলে তো কথাই নেই। ফুলেল মঞ্চ, ভেতরে-বাইরে সাজসজ্জা। কিন্তু সেই অনুযায়ী আকর্ষণীয় করা যায়নি প্রথম সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ড্র। কণ্ঠশিল্পী আঁখি আলমগীরকে আনা হলো বাফুফে ভবনের মঞ্চে। আয়োজক কমিটির কর্মকর্তাদের সঙ্গে জাতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ বরার্ট রুবচিচও ছিলেন। গত এসএ গেমসের মহিলা ফুটবলে চ্যাম্পিয়ন ভারতকে ‘এ’ গ্রুপে এবং রানার্সআপ নেপালকে রাখা হয় গ্রুপ ‘বি’তে। তৃতীয় হওয়া বাংলাদেশ ‘এ’ গ্রুপে, চতুর্থ হওয়া পাকিস্তান ছিল ‘বি’ গ্রুপে। বাকি চার দলের মধ্যে লটারির মাধ্যমে ‘এ’ গ্রুপে পড়েছে শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে আফগানিস্তান ও মালদ্বীপ। প্রতি গ্রুপ থেকে দুটি দল উঠবে শেষ চারে।আঁখি আলমগীরের তোলা প্রথম ড্রতে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কার নাম ওঠায় অনুষ্ঠানেই বলাবলি শুরু হয়, বাংলাদেশের জন্য সেমিতে যাওয়া কঠিন হয়ে গেল। পরের নামটা ভুটান হওয়ায় অবশ্য স্বস্তি। ঘরের মাঠে বাংলাদেশ চায় ফাইনালে খেলতে, কিন্তু শ্রীলঙ্কার বাধা টপকে গ্রুপ রানার্সআপ হওয়ার একটা চ্যালেঞ্জ থাকলই।কক্সবাজারের মাঠ কি আন্তর্জাতিক টুর্নামেন্ট করার জন্য তৈরি? একসময়ের অসমতল এবং গর্তে ভরা স্টেডিয়ামটি সংস্কার করা হয়েছে এবং সেখানে এই টুর্নামেন্ট ভালোভাবে হতে পারে বলে দাবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান বাফুফের সহসভাপতি মনজুর হোসেনের। কমিটির সম্পাদক বাফুফের আরেক সহসভাপতি শওকত আলী খানও আশাবাদী, টুর্নামেন্ট সফল এবং সার্থক হবে।ফিফা চেয়েছিল, এই টুর্নামেন্টের শুরুতে বিশ্ব মহিলা ফুটবলের সেরা তারকা মার্তাকে বাংলাদেশে পাঠাতে। কিন্তু ৩ ডিসেম্বরের পরিবর্তে টুর্নামেন্ট ৯ দিন পিছিয়ে যাওয়ায় এই ব্রাজিলিয়ানকে পাওয়া যাচ্ছে না। তবে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা সুইডিস তারকা হান্না আসতে পারেন।১২ ডিসেম্বর উদ্বোধনী ম্যাচ, পরদিনের দুটি ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি দেখাবে এটিএন বাংলা। টুর্নামেন্টের টাইটেল স্পনসর এখনো চূড়ান্ত হয়নি। তবে পিউমা, কেএফসি এবং আমরা নেটওয়ার্ক কো-স্পনসর হিসেবে থাকছে। এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজেশ আলী খান, কেএফসির নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন ড্র অনুষ্ঠানে।