বাংলাদেশের জন্য স্যামিদের মরু-প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুটি টি-টোয়েন্টির ছোট্ট সফর। এরপর ইংল্যান্ড থেকে দেশে ফিরে গেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের বেশির ভাগই। তবে অধিনায়ক ড্যারেন স্যামিসহ বাংলাদেশ সফরের দলে থাকা ছয়জন লন্ডন থেকে উঠেছেন দুবাইয়ের বিমানে। দুবাইয়ে স্যামিদের জন্য অপেক্ষা করছেন বাংলাদেশ সফরের দলে থাকা বাকি সদস্যরা। ক্যারিবিয়ানদের এই মরুযাত্রার উদ্দেশ্য, প্রস্তুতি। কন্ডিশন অনেকটা একই রকম বলে বাংলাদেশ ও ভারতে টানা সফরের আগে দুবাইয়ে সপ্তাহখানেকের ক্যাম্প করছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে তিনটি ম্যাচও খেলবে স্যামির দল। দুটির প্রতিপক্ষ আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। ইংল্যান্ডে ছোট্ট সফরেই অবশ্য বড় এক টনিক পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১১৩ রানের পুঁজি নিয়েও শেষ ম্যাচে হারিয়েছে প্রবল পরাক্রমশালী ইংল্যান্ডকে। এই গ্রীষ্মে ভারত-শ্রীলঙ্কা যা পারেনি, সেটাই করেছে ক্যারিবিয়ানরা, ইংল্যান্ডে সিরিজ হারেনি! স্যামি জানিয়েছেন, বাংলাদেশ-ভারত সিরিজের আগে এই জয়টা তাঁদের অনেক অনুপ্রেরণা জোগাবে, ‘এই জয়টা আমাদের প্রয়োজন ছিল। এটা ছেলেদের মনোবল চাঙা করবে এবং এই বিশ্বাসটা দেবে যে মূল ব্যাপারগুলো ঠিক করতে পারলে ফলাফল আমাদের পক্ষে থাকবে। ’ইংল্যান্ডের বিপক্ষে জয়ের মূল নায়ককে অবশ্য বাংলাদেশ সফরে পাচ্ছেন না স্যামি। বাঁহাতি স্পিনার গ্যারে মাথুরিন ইংল্যান্ড সফরের দলেই ঢুকেছিলেন শেষ মুহূর্তে, অফ স্পিনার অ্যাশলি নার্স ফিটনেস টেস্ট উতরাতে না পারায়। বাংলাদেশ সফরের দল ঘোষণা হয়েছে আগেই, সেখানে দেবেন্দ্র বিশুর সঙ্গে আছেন লেগ স্পিনার অ্যান্থনি মার্টিন। তবে অধিনায়কের কণ্ঠে ছিল মাথুরিনের উচ্ছ্বসিত প্রশংসা, ‘ড্রেসিংরুম থেকে বের হওয়ার আগে ও (মাথুরিন) আমাকে বলল, ‘‘আমি ১০ রানে ৪ উইকেট নেব।’’ ও কিন্তু হাসছিল না, মজা করছিল না। ও ছিল খুবই সিরিয়াস এবং ইচ্ছা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। ৪ উইকেট হয়তো পায়নি, কিন্তু ৯ রানে টপ অর্ডারের ৩ উইকেট নিয়ে ও-ই আমাদের স্মরণীয় এক জয় এনে দিয়েছে। অসাধারণ শুরু হলো ওর আন্তর্জাতিক ক্যারিয়ারের।’ ওয়েবসাইট।