বাংলাদেশের জিম্বাবুয়ে-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিসংখ্যানের খাতায় এই সিরিজের হিসাব থাকবে না। কিন্তু মনের খাতায় থেকে যাবে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জিম্বাবুয়ে সফরের সাফল্য-ব্যর্থতা দিয়ে কিছুটা হলেও নির্ধারিত হবে বিশ্বকাপের প্রস্তুতি আর আত্মবিশ্বাস। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটা আজ বাংলাদেশের কাছে সেই আত্মবিশ্বাস অর্জনেরই উপলক্ষ।মুশফিকুর রহিমের দলের প্রস্তুতি অবশ্য গত পরশুই শুরু হয়ে গেছে। এক দিনে দুটি প্রস্তুতি ম্যাচেই হার, যেটি মনোবলে ধাক্কা দেওয়ার মতো। তবে নতুন কোচ রিচার্ড পাইবাস এ ক্ষেত্রে পূর্বসূরিদের পথেই আছেন। হার থেকেও খুঁজছেন প্রাপ্তি। দল সূত্রে জানা গেছে, টিম মিটিংয়ে কোচ নাকি প্রশংসা করেছেন প্রথম ম্যাচে তামিম ইকবাল-আশরাফুলের উদ্বোধনী জুটির। আজও ইনিংস শুরু করার কথা তাঁদেরই। দ্বিতীয় ম্যাচে ৫২ রানে ৪ উইকেট পড়ার পর অধিনায়ক মুশফিকুর রহিম আর জহুরুল ইসলামের লড়াইটাকেও দেখছেন ইতিবাচক দৃষ্টিতে। আজ শুরু সিরিজে এ রকম জুটি আরও চান পাইবাস। কাল অনুশীলন শেষে চূড়ান্ত হওয়া দল ঠিক থাকলে আজ একাদশের বাইরে থাকবেন জুনায়েদ, নাজমুল, ফরহাদ ও আনামুল।এক দিনে দুই পরাজয়ে দল খুব হতাশাগ্রস্ত বলেও শোনা যায়নি। জিতলে ভালো হতো, পরাজয়ে ক্ষতি নেই—প্রস্তুতি ম্যাচ নিয়ে এই হলো তাঁদের দর্শন। জিম্বাবুয়ে গিয়ে দুই দিনের মধ্যে ম্যাচ খেলতে নামা, ঠান্ডা আবহাওয়ায় অনভ্যস্ততা—সব মিলিয়ে ম্যাচ দুটির ফল খুব বেশি গুরুত্ব পায়নি বাংলাদেশ শিবিরে। অধিনায়ক মুশফিকুর রহিম আহ্বান জানিয়েছেন, সিরিজের আগে এই ফলকে মনে ঠাঁই না দিতে। পরাজয়ের অংশটুকু বাদ দিয়ে ভুল থেকে শেখার কথাই বেশি শুনিয়েছেন সতীর্থদের। বলেছেন ইতিবাচক চিন্তা করতে, যাঁর যেটুকু কাজ সেটুকু করে দিতে।২০০৬ সালের ২৮ নভেম্বর প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ দল। সে তুলনায় গত প্রায় ছয় বছরে মোট টি-টোয়েন্টি ম্যাচ খেলার সংখ্যা কমই। তুলনায় জয় আরও কম। এখন পর্যন্ত ১৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে মাত্র চারটি জয় বাংলাদেশের।তবে এবারের ‘আনঅফিশিয়াল’ সিরিজটাকে পরিসংখ্যানের আলোয় দেখলে হবে না। হোক ভিন্ন ধরনের ক্রিকেট, বাংলাদেশ জিম্বাবুয়ে গেছে দেশের মাটিতে খেলা এশিয়া কাপের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে। মার্চের এশিয়া কাপে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়, ফাইনালে ওঠা—এসব ভবিষ্যতের যেকোনো ম্যাচেই আত্মবিশ্বাস বাড়াবে। জয়ের অভ্যাস ধরে রাখতে হবে—এটাই এখন বাংলাদেশ দলের নীরব স্লোগান। পাইবাসের কথায়ও মিলছে সেই আভাস, ‘এশিয়া কাপের পারফরম্যান্সটা ধরে রাখা গুরুত্বপূর্ণ। এটা ধরে রেখেই লক্ষ্যে পৌঁছাতে হবে আমাদের। তিন ধরনের ক্রিকেটের র‌্যাঙ্কিংয়েই উন্নতি চাই আমরা।’তবে জয়ের অভ্যাস ধরে রাখার স্লোগানে বাংলাদেশ জিম্বাবুয়েতে কতটা উচ্চকিত থাকতে পারবে, তা বলা কঠিন। কাজটা সহজ যে হবে না সেটা সত্যি। আনঅফিশিয়াল সিরিজ বলে জিম্বাবুয়ে আর দক্ষিণ আফ্রিকা নিশ্চয়ই ছেড়ে কথা কইবে না বাংলাদেশকে। এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি সবার জন্যই, সবাই-ই চাইবে জয়ের অভ্যাস ধরে রাখতে।বরং বাংলাদেশের ওপর এই সফরে বাড়তি একটা চাপও থাকবে। ওয়ানডে ও টেস্ট সিরিজ—দুটিতেই হারায় জিম্বাবুয়েতে বাংলাদেশের সর্বশেষ সফর ছিল তিক্ত অভিজ্ঞতায় ভরা। সেদিক দিয়ে জিম্বাবুয়ের ওপর প্রতিশোধ নেওয়ারও ব্যাপার আছে এবার। ‘জিম্বাবুয়েতে আমাদের কিছু জিনিস প্রমাণ করারও আছে’ বলে হয়তো সতীর্থদের সেটাই মনে করিয়ে দিতে চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিক।জিম্বাবুয়ে আর বাংলাদেশের বিপক্ষে সিরিজে দক্ষিণ আফ্রিকার উপস্থিতি আসলে ‘ত্রিদেশীয়’র কোটা পূরণের আনুষ্ঠানিকতা মাত্র। এই তিন দলের মধ্যে নিজেদের প্রমাণের কিছু নেই তাদের। ‘শ্রেষ্ঠত্বের’ লড়াইটা এখানে সীমাবদ্ধ বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যেই।