বাংলাদেশের জয় এবং তিনি
অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে একটু জটিলতায় কোল্টস মাঠে পৌঁছাতে পৌঁছাতে জিম্বাবুয়ের ইনিংস শেষ। বাংলাদেশের ইনিংস শুরু হয়ে প্রথম উইকেটও পড়ে গেছে। আশরাফুল ও সাকিবের ব্যাটিং অবশ্য সেটিকে কোনো ব্যাপারই মনে করতে দিচ্ছে না। দেখতে না-দেখতেই স্কোরবোর্ডে ৫০। জিম্বাবুয়ের ৬ উইকেটে ১৩৪ রান মনে হচ্ছে এক ফুঁয়ে উড়ে যাবে।বাংলাদেশের বোলিং যে ভালো হয়েছে, জিম্বাবুয়ের স্কোরই তা বলে দিচ্ছে। কিন্তু স্কোরকার্ড কি সব বলে! কোন বোলার কেমন করল, সেই ক্রিকেটীয় বিশ্লেষণটা কোথায় পাই! পাওয়া গেল মধ্যবয়সী এক দর্শকের কাছ থেকে। সকাল সাড়ে ৯টায় প্রথম বল থেকে খেলা দেখছেন। ১ থেকে ২০ ওভার পর্যন্ত কখন কোন বোলার বল করেছেন, কত রান দিয়েছেন—একটা কাগজে সেটি বিস্তারিত লেখা। ইলিয়াস সানির প্রথম ওভারে ১২ রান, শফিউল তাঁর প্রথম ও শেষ ওভারে ১০, সাকিব যথারীতি মিতব্যয়ী...কথায় বাধা পড়ল কয়েক হাত দূরে বসা বাংলাদেশ সমর্থকদের দলটা থেকে ওঠা তুমুল হাততালিতে। জিম্বাবুইয়ান বাঁহাতি স্পিনার রেমন্ড প্রাইসের বলে মোহাম্মদ আশরাফুলের টানা দ্বিতীয় ছক্কাটা যে এই মাত্র মাথার ওপরের চালে পড়ে ঝনঝন শব্দ তুলেছে।হাততালিতে নেতৃত্ব দিচ্ছেন দাড়িওয়ালা এক ভদ্রলোক। বাংলাদেশে সব স্টেডিয়ামের গ্যালারিতেই নিয়মিত মুখ। টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে দুই ভাইকে নিয়ে চলে এসেছেন শ্রীলঙ্কায়ও। মুখে সেই পরিচিত বাঁশিটাই শুধু নেই, যা নিয়ে ম্যাচ শেষে তাঁর মুখে আফসোস শোনা যাবে, ‘বিরাট একটা ভুল হয়ে গেছে। বাঁশিটা আনতে মনে নেই।’ মুশফিকুর রহিমের বাবা মাহমুদ হামিদ।হাতের কাগজটা দেখে যিনি বাংলাদেশের বোলিংয়ের বিস্তারিত জানাচ্ছিলেন, তিনি মাহমুদ হামিদকে খুব ভালো চেনেন। বগুড়ার মাটিডালায় তাঁর বাড়িতে ‘দাওয়াত’ও খেয়েছেন। সেই স্মৃতিচারণার মাঝখানেই বাংলাদেশের তৃতীয় উইকেট পড়ল। ২৫ বলে ৩৮ রান করে আউট হয়ে যাওয়া বাংলাদেশের ওপেনারও তাঁর খুব ভালো চেনা। ১১ বছর আগে মোহাম্মদ আশরাফুল যখন এই শ্রীলঙ্কাতেই টেস্ট অভিষেকে ইতিহাস গড়েছিলেন, তখন তিনি প্রতিপক্ষ দলের কোচ। ভদ্রলোককে পাঠকদের এতেই চিনে ফেলার কথা। এর পরও না চিনে থাকলে ব্যাপারটাকে একেবারে জলবৎ তরলং করে দেওয়া যাক। ২০০৩ থেকে চার বছর বাংলাদেশ দলের কোচ ছিলেন। ভারতের একাডেমি-আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স হয়ে এখন তিনি পাকিস্তানের কোচ।তা দলের বোলিং কোচ মোহাম্মদ আকরামকে নিয়ে ডেভ হোয়াটমোর এই যে সকাল থেকে নিবিষ্ট মনে বাংলাদেশের খেলা দেখলেন, রহস্যটা কী? বাংলাদেশকে নিয়ে কি একটু চিন্তিত? হোয়াটমোর হেসে বললেন, ‘এই বিশ্বকাপে সব দলই সব দলকে নিয়ে চিন্তিত। ওপেন টুর্নামেন্ট, কোনো ফেবারিট নেই। সবচেয়ে বড় কথা, প্রথম পর্বে একটা ম্যাচে হারলেই সর্বনাশ!’পাকিস্তান ও নিউজিল্যান্ডের জন্য সেই সর্বনাশের হুমকির নাম ‘বাংলাদেশ’। ক্যান্ডির উপকণ্ঠে পাল্লেকেলেতে গ্রুপ ‘ডি’ থেকে সুপার এইটে ওঠার লড়াইয়ে নামছে এই তিন দল। দুটি উঠবে, বাদ যাবে একটি। বাংলাদেশের খেলা দেখতে সাতসকালে মাঠে চলে আসার কারণ, বাংলাদেশকে টি-টোয়েন্টিতে বলতে গেলে দেখেনইনি হোয়াটমোর। বাংলাদেশের খেলোয়াড়দের বেশির ভাগই তাঁর চেনা। কিন্তু টি-টোয়েন্টি তো অন্য খেলা।সেই খেলা দেখতে দেখতে হোয়াটমোর ‘বিশেষজ্ঞ মন্তব্য’ও করে গেলেন নিয়মিত। প্রাইস ফ্লাইট দিতে গিয়ে মার খাচ্ছেন, হোয়াটমোর মহা বিরক্ত হয়ে বললেন, ‘এ তো দেখি যা-তা বোলিং করছে। টি-টোয়েন্টিতে রান দিয়ে উইকেট কেনার চেষ্টা করছে।’ বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানি স্পিনাররা তো আর এমন লোপ্পা বল দেবে না—হোয়াটমোর যে আসলেই চিন্তিত, তা প্রমাণিত ওই কথার জবাবে এই মন্তব্যে, ‘আরে, আমাদের স্পিনাররাও অনেক সময় পচা বল করে।’ তিন ছক্কায় সাজানো ২০ বলে ২৬ রানের ইনিংসে জিয়াউর রহমানকে এই প্রথম দেখলেন। ভিটরির এক ওভারে দুই ছক্কা দেখে বললেন, ‘ছেলেটা দেখি পুল-হুকও ভালোই মারে।’ ‘ভালো মারে মানে...পাকিস্তানের খবর আছে। গিলবার্ট জেসপের পর ক্রিকেটে এমন বিগহিটার আর আসেনি’—রসিকতা না বুঝেই হোক অথবা পাল্টা রসিকতা করে হোয়াটমোর চোখ বড় বড় করে ফেললেন।তা সব মিলিয়ে কেমন দেখলেন টি-টোয়েন্টির বাংলাদেশকে? ‘ভালোই তো’—হোয়াটমোরের নিরাপদ উত্তর। তবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৫ উইকেটের জয়টা ‘ভালোই তো’ বাহবা পাওয়ার মতোই। দ্বিতীয় উইকেটে আশরাফুল-সাকিবের ৫২ রানের জুটির পর শেষে অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে মাহমুদউল্লাহ-জিয়ার ৫০। মাঝখানে ৫ রানে ৩ উইকেট হারিয়ে ঝাঁকি একটা অবশ্য লেগেছিল। তা আশরাফুল যেমন বলেছেন, ‘টি-টোয়েন্টিতে অমন হয়ই।’বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আগামীকাল। প্রতিপক্ষ আয়ারল্যান্ড শুনে অবশ্য হোয়াটমোর একটু বিস্মিতই হলেন, ‘কদিন আগেই না বাংলাদেশ আয়ারল্যান্ডের সঙ্গে খেলেছে। ওদের সঙ্গেই প্রস্তুতি ম্যাচ খেলে কী লাভ?’ একই যুক্তিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ নিয়ে আপত্তি করেছিল পাকিস্তান। আইসিসি তা কানে নিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে দিয়েছে। বিসিবিতে বোধ হয় এসব খেয়াল করার লোকই নেই।সংক্ষিপ্ত স্কোরজিম্বাবুয়ে: ২০ ওভারে ১৩৪/৬ (সিবান্দা ৪০, টেলর ২১, আরভিন ১৯, ওয়ালার ১৮; মাশরাফি ৪-০-২৮-১, শফিউল ১-০-১০-০, রাজ্জাক ৪-০-২১-২, সাকিব ৪-০-১৬-১, সানি ৪-০-৩৭-১, মাহমুদউল্লাহ ৩-০-২০-১)। বাংলাদেশ: ১৮.২ ওভারে ১৩৫/৫ (তামিম ৫, আশরাফুল ৩৮, সাকিব ২৮, মুশফিকুর ৩, মাহমুদউল্লাহ ২৩*, নাসির ১, জিয়া ২৬*; ক্রেমার ২/১০, চিগুম্বুরা ১/৮, ভিটরি ১/৩০, প্রাইস ১/৩৭)। ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।