অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নামিবিয়াকে ৭ উইকেটে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে বাংলাদেশ। ব্রিসবেনের পিটারবার্গ ওভালে অনুষ্ঠিত ম্যাচে নামিবিয়ার বেঁধে দেওয়া ১৫২ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৩৭ ওভারেই। ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৫৫। উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস ৭০ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়ে মাঠ ছাড়েন। আনামুলের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান। ১৭ রান করে অপরাজিত থাকেন আল-আমিন। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নামিবিয়া স্কোরবোর্ডে তোলে ১৫১ রান। বার্ড করেন সর্বোচ্চ ৪০ রান। নামিবিয়ার ব্যাটসম্যানরা সবাই দুই অঙ্কের ঘরে রান সংগ্রহ করলেও কেউই ব্যক্তিগত ও দলীয় স্কোরকে বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে বাংলাদেশের বোলাররা নামিবিয়ার রানের লাগাম টেনে ধরেন। বাংলাদেশের আবু জায়েদ ছিলেন সেরা বোলার। তিনি ২৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া তাসকিন আহমেদ ২৯ রানে ২টি ও নাঈম ইসলাম জুনিয়র ১৯ রানে ২ উইকেট দখল করেন। আল-আমিন ও নূর হোসেনের সংগ্রহ ১টি করে উইকেট। বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৫ রানে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায় ১৩৩ রানে।