মারলন স্যামুয়েলস ও ড্যারেন ব্রাভোর ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ১৯৭ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৪৩ বলে ৮৫ রান করেছেন স্যামুয়েলস। ড্যারেন ব্রাভোর ব্যাট থেকে এসেছে ৪১ রান। বাংলাদেশের পক্ষে দুইটি উইকেট নিয়েছেন রুবেল হোসেন।টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও ব্যর্থ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ওপেনার ক্রিস গেইল। ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে গেইলকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন রুবেল হোসেন। ৭ রান করে আউট হয়েছেন গেইল। নিজের পরের ওভারে আরেক উইন্ডিজ ওপেনার ডোয়াইন স্মিথকেও সাজঘরমুখী করেছেন এই ডানহাতি পেসার। তৃতীয় উইকেটে ৬৬ রানের ঝড়ো জুটি গড়ে বাংলাদেশী বোলারদের তটস্থ করে রেখেছিলেন ড্যারেন ব্রাভো ও মারলন স্যামুয়েলস। পাঁচটি চার ও দুইটি ছয় মেরে ২৮ বলে ৪১ রান করেছিলেন ব্রাভো। ইনিংসের ১২তম ওভারে ব্রাভোর এই তাণ্ডব থামিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান সোহাগ গাজী। দুই ওভার পরে আরেক বিপদজনক ব্যাটসম্যান কাইরন পোলার্ডের উইকেটও তুলে নেন জিয়াউর রহমান। পঞ্চম উইকেটে ৭৬ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ এনে দেন স্যামুয়েলস ও লেন্ডি সিমন্স। এই ৭৬ রান তাঁরা করেছেন মাত্র ৩২ বলে।