বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড টিভি দর্শক

বিদ্যুত্ বিভ্রাট আর ছোটখাটো কয়েকটি ভুল-ভ্রান্তি ছাড়া বেশ সফল একটি বিশ্বকাপই ক্রিকেট বিশ্বকে উপহার দিয়েছে বাংলাদেশ। দিয়েছে বড় টুর্নামেন্ট এককভাবে আয়োজনের সামর্থ্যের প্রমাণ। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ টিভি দর্শকের দিক দিয়েও রেকর্ড গড়েছে। ছাড়িয়ে গেছে আগের সবগুলো আসরের রেকর্ড।
২০০৭ সালের প্রথম বিশ্বকাপ থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ সোনার ডিম পাড়া হাঁস প্রমাণ হয়ে যায়। বিশেষ করে টিভিস্বত্ব থেকে আসা প্রচুর আয়ের কারণে। স্বাভাবিকভাবেই এর সবচেয়ে বড় বাজার ভারত। গবেষণা সংস্থা টিএএমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে টিভি দর্শকের সংখ্যা ছিল ১৩ কোটি ৩১ লাখ। যেটি ২০১২ বিশ্বকাপের তুলনায় ২৩ দশমিক ৪ শতাংশ বেশি। ২০১২ বিশ্বকাপের তুলনায় এবার দ্বিগুণেরও বেশি টিভি দর্শক খেলা দেখেছেন। ওই আসরের তুলনায় সংখ্যাটি ৫৭ শতাংশ বেশি।
অল ইন্ডিয়া ইউনিভার্সের হিসাব অনুযায়ী এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখেছে আসলে ৩৯ কোটি ভারতীয় দর্শক। টিভির পাশাপাশি এবার ইন্টারনেটেও সরাসরি খেলা দেখেছেন অনেকে। ইন্টারনেটে খেলা দেখার হারটিও বাড়ছে। এবারের বিশ্বকাপেই যেমন স্টারস্পোর্টসডটকমে সরাসরি খেলা দেখেছেন দুই কোটি ২৪ লাখ দর্শক। ভারত-শ্রীলঙ্কা ফাইনালটি দেখতে স্টারস্পোর্টসডটকমে ১৯ লাখ ৩০ হাজার দর্শক মোট ৩৭ লাখ ৬০ হাজারবার ভিজিট করেছেন। সব মিলিয়ে প্রায় ৮১ লাখ দর্শক দুই কোটিরও বেশিবার ভিজিট করেছেন। এমনটা আগে কখনো হয়নি।