বাংলাদেশের ড্রেসিংরুমে টেন্ডুলকার-মন্ত্র
কেউ একজন চেয়ার এগিয়ে দিলেও যাঁর উদ্দেশে দেওয়া, তিনি বসলেন না। হতে পারে টেস্ট ক্রিকেটে তাঁর রান ১৩ হাজার ছাড়িয়েছে...তবু তো তিনি রক্তমাংসে গড়া এক ব্যাটসম্যানই! চেয়ারে বসে তিনি বলবেন আর একটা টেস্ট দল মেঝেতে বসে তা শুনবে, এমন ক্লাসের শিক্ষক আর যিনিই হন, শচীন টেন্ডুলকার হতে চান কী করে?চট্টগ্রাম থেকে ঢাকা ফিরেই মোহাম্মদ আশরাফুলের নতুন বাসায় দাওয়াতে গিয়েছিলেন। বাংলাদেশ দলের সহকারী কোচ খালেদ মাহমুদ প্রতিশ্রুতিটা আদায় করে রাখেন ওই নৈশভোজেই—বাংলাদেশের ক্রিকেটারদের মিনিট দশেক সময় দিতে হবে। কাল আধবেলায় টেস্ট শেষ হয়ে যাওয়ার পর সেই প্রতিশ্রুতি রেখেছেন বিশ্বসেরা ব্যাটসম্যান। মিনিট দশেকের বদলে প্রায় ২০ মিনিট কথা বললেন বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে। কথা বলা মানে অবশ্য টেন্ডুলকারের নিজ থেকে কিছু বলা নয়। দুই টেস্টের সিরিজে বাংলাদেশের ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখেছেন। তাঁর চোখে সেই দেখাটা কেমন, মহাতারকার আয়নায় সেসব জানতে চেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররাই।কেমন দেখলেন তামিম ইকবালের ব্যাটিং? তামিমের সামনেই প্রশংসার ঝাঁপি মেলে দিয়েছেন তিনি, ‘খুব ভালো ব্যাটিং করছ তুমি। স্টাইল ভালো, অনেক আক্রমণাত্মক। বল বাছাইও ভালো। এ রকম পজিটিভ খেলার চেষ্টা করবে সব সময়।’ আগের দিনই দেড় শ রানের ইনিংস দেখার পর তামিমের ব্যাটিংয়ে আর কীইবা খুঁত ধরবেন টেন্ডুলকার? কিন্তু আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সে টেন্ডুলকারের সতীর্থ যিনি, যাঁর বাসায় ইলিশভাজা খেতে যাওয়ার ধারাবাহিকতায় কাল ড্রেসিংরুমের ওই সম্মিলন—সেই আশরাফুলের ব্যাটিংয়ে বড় কিছু সমস্যাই চোখে পড়েছে টেন্ডুলকারের।আশরাফুলের প্রতি টেন্ডুলকার: তুমি একদিন খুব আক্রমণাত্মক খেল তো আরেক দিন একদমই গুটিয়ে যাও। কোনোভাবেই উইকেট দেব না—এই প্রতিজ্ঞায় নিজের ওপর চাপ নিয়ে নিচ্ছ। এতটা ডিফেন্সিভ হয়ে যাওয়া ঠিক না। আজ ভাজ্জির (হরভজন সিং) যে বলগুলো ঠেকালে, সেগুলোতে অনায়াসে সিঙ্গেল বের করতে পারতে। আমার মনে হয় আরেকটু পজিটিভ থাকা উচিত তোমার ব্যাটিংয়ের সময়।চট্টগ্রাম টেস্টে মুশফিকুর রহিমের ব্যাটিং অদ্ভুত এক আনন্দ দিয়েছে টেন্ডুলকারকে। কাল সেই প্রসঙ্গ টেনে এনে এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে টেন্ডুলকার বলেছেন, ‘তোমার শট সিলেকশন ভালো। টেস্ট ক্রিকেটে ও রকম পরিস্থিতিতে একজন ব্যাটসম্যানের যা করা উচিত, তুমি ঠিক তাই করেছ সেদিন।’বাংলাদেশকে নিয়ে ভারতের হোমওয়ার্ক কতটা বিস্তৃত ছিল, মাহমুদউল্লাহর সঙ্গে টেন্ডুলকারের কথোপকথন এক টুকরো উদাহরণ হতে পারে সেটার। জহুরির চোখ ঠিকই পড়ে নিয়েছে কোথায় এই ব্যাটসম্যানের দুর্বলতা। ‘কাভার ড্রাইভে সমস্যা হয়, তাই তো? সমস্যাটা হয়, কারণ তোমার গ্রিপে সমস্যা আছে...’ বলার তা কী রকম হওয়া উচিত, দেখিয়ে দিয়েছেন সেটাও। টেন্ডুলকারের চোখে জুনায়েদ সিদ্দিকের মূল সমস্যা শর্ট বলে, ‘শর্ট বলে তোমার পা আড়াআড়ি চলে যায়। আর শট খেলার সময় শরীরের ওজনটা সম্ভবত পেছনের পায়ে নিয়ে নাও। ওজনটা সামনের পায়ে নিতে পারলে অনেক ভালো শট খেলতে পারবে।’ এই সিরিজে বাংলাদেশ দলের সবচেয়ে ফ্লপ ব্যাটসম্যান সম্ভবত রকিবুল হাসান। আত্মবিশ্বাস ফেরাতে তাঁর জন্য টেন্ডুলকারের টিপস, ‘তুমি কাভার ড্রাইভ আর কাট ভালো খেলো। এই দুটি জায়গায় তুমি স্ট্রং, এই শটগুলো বেশি বেশি না খেললে খারাপ সময়ে রান পাবে না।’ব্যাটসম্যানদের ভালো-মন্দ দুটোই বলেছেন, তবে বাংলাদেশ বোলাররা ঢালাও প্রশংসাই পেয়েছেন টেন্ডুলকারের কাছ থেকে—‘আগে যেমন দেখেছি, বাংলাদেশের বোলিং তার চেয়ে এখন অনেক ভালো। নতুন ছেলেরা এসেছে...পুরো সিরিজেই পরিকল্পনা অনুযায়ী বল করে গেছে।’টেন্ডুলকার যত বড় ক্রিকেটারই হোন, সংগ্রাম কি তাঁকেও করতে হয় না? অবশ্যই করতে হয়, কিন্তু খারাপ সময় কাটিয়ে ওঠার মন্ত্রটাও যে তাঁর জানা! ‘তোমাদের সমস্যা হলো, যখন ভালো খেলাটা বেশি জরুরি, তখনই তোমরা ভুল করো। ওই সুযোগেই বড় দলগুলো জিতে যায়। চাপ থাকবেই, আমি তো প্রদর্শনী ম্যাচেও চাপ অনুভব করি। খারাপ সময় আসবেই...আমারও আসে। কিন্তু লড়াই করে, রান করে নিজেকে সমর্থন দিয়ে যেতে হবে তখন। রানও হয়তো সব সময় করবে না, কিন্তু প্রক্রিয়াটা ঠিক থাকতে হবে।’শচীন টেন্ডুলকারের কাছ থেকে তাহলে কী শিখল বাংলাদেশ?তামিম ইকবাল বলছেন, নতুন কিছুই না, ‘এই কথাগুলোই আমাদের কোচ সব সময় বলেন। আজ (গতকাল) শুধু কণ্ঠটা অন্য ছিল। ও যা বলেছে, সবই আমাদের জানা। সমস্যা কেবল প্রয়োগে।’ তবে মাহমুদউল্লাহ এটিরও অন্য তাত্পর্য দেখছেন, ‘টেন্ডুলকারের মতো গ্রেট আমাদের সঙ্গে আলাদা আলাদা কথা বলেছেন। এটা তো আমাদের মনে থাকবে...।’মনে তো রাখতেই হবে। তবে নিজেদের ড্রেসিংরুমে টেন্ডুলকারের উপস্থিতিটা যেন শুধু স্মৃতিই হয়ে না থাকে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য।