বাংলাদেশের থাই-শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে-কলমে দুই দলের ব্যবধান বিশাল কিছু নয়। থাইল্যান্ডের ফিফা র‌্যাংকিং ১৫২, বাংলাদেশের ১৭১। তবে ১৯ বছর পর দুই দলের মুখোমুখি লড়াইয়ের স্কোরলাইনটা কাগজের হিসাবকে অসার বানিয়ে দিয়েছে। বাস্তবে পার্থক্য আরও অনেক বড়। এই ১৯ বছরে থাইল্যান্ড অনেক এগিয়েছে। বাংলাদেশকে প্রীতি ম্যাচে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে সেটাই বুঝিয়ে দিয়েছে তারা।ব্যাংককে কাল ফিফার স্বীকৃত এই প্রীতি ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের গোলমুখ ছিল উন্মুক্ত, একের পর এক গোল খেতে থাকে সফরকারী দল। পাঁচ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন পিচিতপং। এরপর দৃশ্যপটে স্ট্রাইকার তেরাসিল। ১২, ২০, ৫২ মিনিটে তাঁর টানা তিন গোলে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে পড়ে গভীরতম খাদে। ৪-০ হওয়ার পরও গোলক্ষুধা কমেনি থাইল্যান্ডের। ৭০ মিনিটে ৫-০ করেন তামরংসুপাকর্ন।দুই দল আগে মুখোমুখি হয়েছে ১৩ বার। বাংলাদেশের জয় দুটি ও ড্র তিনটি। থাইল্যান্ড জিতেছে আট ম্যাচ। তবে ব্যবধান কখনো পাঁচ গোলের ছিল না। ৪-১ ছিল দুটি ম্যাচে। এবার রেকর্ড গোল হজম করে বাংলাদেশ বুঝতে পারল নিজেদের অবস্থানটা কোথায়।ব্যাংককের রাজা মঙ্গলা স্টেডিয়ামে বসে ম্যাচটা দেখেছেন কাজী সালাউদ্দিন। মুঠোফোনে বলছিলেন, ‘প্রথম তিনটি গোলেই গোলরক্ষকের (মোস্তাক) ভুল ছিল। সে খুব বাজে কিপিং করেছে। তিন গোলের পর গোলকিপার বদল করা হয়, বদলি গোলরক্ষক তুলনামূলক ভালো খেলেছে। মাঝমাঠ খেলাই ধরতে পারেনি, পরে শেষ মিনিট পনেরো দল ভালো খেলেছে। একটা সুযোগও এসেছে।’২০২২ সালে বিশ্বকাপ খেলার স্বপ্নের কথা মাত্রই ঘোষণা করেছেন, দলের এই পারফরম্যান্সে বাফুফের সভাপতি হতাশ। তবে ‘আমি মোটেই শঙ্কিত নই। খেলতে খেলতেই দল ভালো হয়ে উঠবে’ বলে নিজেই গড়লেন আশায় বসতি। আগামী পরশু মালয়েশিয়া জাতীয় দলের সঙ্গে কুয়ালালামপুরে তৃতীয় প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফলাফলের চেয়ে এই ম্যাচ খেলাটাই বাংলাদেশের আসল প্রাপ্তি।