৬৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে চার মেরেছেন ২৫৭টি। তবে এর মধ্য থেকে কাল হল্যান্ডের বিপক্ষে ৩৪তম ওভারের চতুর্থ বলে মারা চারটি আলাদা করে মনে রাখতে পারেন শাহরিয়ার নাফীস। এই চার মেরেই যে পঞ্চম বাংলাদেশি হিসেবে ২ হাজার রান পূর্ণ করলেন এই বাঁহাতি। তাঁর আগে দুই হাজারের মাইলফলক পেরিয়েছেন হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বাংলাদেশের পক্ষে সবচেয়ে কম ম্যাচ ও ইনিংস (৬৫টি) খেলে দুই হাজার রান করলেন শাহরিয়ার। সবচেয়ে কম ইনিংসে এক হাজার রান পূর্ণ করার বাংলাদেশি রেকর্ডও তাঁর। দ্রুততম ইনিংসে দুই হাজার রান পূর্ণ করার আগের রেকর্ডটি ছিল সাকিবের। ৬৯ ইনিংসে। সাকিব ২০০৯ সালে মিরপুরে জিম্বাবুয়ের চিবাবাকে ছক্কা মেরে ছুঁয়েছিলেন ২০০০ রান। গত বছর জানুয়ারিতে মিরপুরেই ভারতের শ্রীশান্তকে চার মেরে ২০০০ ছুঁয়েছিলেন তামিম। তাঁর লেগেছিল ৭০ ইনিংস। আশরাফুল ১০৭তম ম্যাচে (১০০তম ইনিংসে) ও হাবিবুল বাশার শততম ম্যাচে (৯৫তম ইনিংসে) দুই হাজার রান স্পর্শ করেন।