প্রথম ওয়ানডেতে ২ উইকেটের জয়। তবে এক দিন পর আজ শুক্রবার সফরকারী দক্ষিণ আফ্রিকার কাছে ৪ উইকেটে হেরেছেন বাংলাদেশের নারীরা। আগামী রোববার সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে ব্যাট করে ৭ উইকেটে ১৭৯ রান তোলে বাংলাদেশ। জবাবে ৬ উইকেট হারিয়ে চার বল বাকি থাকতে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।বাংলাদেশের ইনিংসের শুরুটা হয়েছিল বড়া ধাক্কা খেয়ে। দলীয় তিন রানে প্রথম উইকেটের পতন। একপর্যায়ে ৪৩ রান তুলতেই ৩ উইকেটের পতন ঘটে। দলের এই বিপর্যয়ে অবশ্য হাল ধরেন লতা মণ্ডল ও ফারজানা হক। দুজনই হাফ সেঞ্চুরি করেন। তাঁদের ৭০ রানের জুটির পরও সংগ্রহটা খুব বেশি দূর এগোয়নি। টেনেটুনে ১৭৯ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন ফারজানা। লতা করেন ৫২।জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ১৮০ রান। গতকালের ম্যাচে মাত্র ৭৫ রানে অল আউট হওয়া প্রোটিয়াদের জন্য লক্ষ্যটা একেবারে সহজ ছিল না। এর প্রমাণও মিলেছে। জয় পেতে ৪৯.২ ওভার পর্যন্ত খেলতে হয় দক্ষিণ আফ্রিকাকে।দক্ষিণ আফ্রিকার জয়ে সবচেয়ে বড় অবদান অলরাউন্ডার ফন নায়েকার্কের। বল হাতে তিনি শিকার করেন ২ উইকেট। ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ ৪৫ রানে অপরাজিত থেকে জয় এনে দেন। সঙ্গে ২৪ রানে অপরাজিত থাকেন শবনিম। এ ছাড়া কাপ ৩৯ ও হজকিনসন ৩৩ রান করেন। বাংলাদেশের হয়ে জাহানারা ৩, সালমা ২ ও খাদিজা ১ উইকেট লাভ করেন।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ: ১৭৯/৭ (৫০ ওভার)ফারজানা ৫৫, লতা ৫২, শারমিন ১৪নায়েকার্ক ৩০/২, লুবছার ২৬/২দক্ষিণ আফ্রিকা: ১৮০/৬ (৪৯.২ ওভার)নায়েকার্ক ৪৫*, কাপ ৩৯, হজকিনসন ৩৩জাহানারা ৩৫/৩, সালমা ২৫/২ফল: দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী।