বাংলাদেশের নারীরা টি-টোয়েন্টি সিরিজ হারল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে তবু কিছুটা লড়াই হয়েছিল। ভারতের বিপক্ষে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে উল্লেখযোগ্য কোনো প্রতিরোধই গড়তে পারলেন না বাংলাদেশের মেয়েরা। ৮ উইকেটের সহজ জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাও ভারত জিতে নিয়েছে এক ম্যাচ বাকি থাকতেই। ৬৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ৭ ওভার তিন বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছেছে সফরকারী ভারত।

কক্সবাজার স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার ব্যাট করতে পারলেও রানের চাকা ঘোরাতে গিয়ে নাজেহাল হতে হয়েছে বাংলাদেশকে। সর্বোচ্চ ১৮ রানের ইনিংসটি এসেছে ফারজানা হকের ব্যাট থেকে। ওপেনার আয়েশা রহমান (১০), নুজহাত তাসনিয়া (১১) ছাড়া আর কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। ৪২ থেকে ৪৯ রান পর্যন্ত পৌঁছাতেই বাংলাদেশ হারায় চারটি উইকেট।

৬৬ রানের অনায়াস লক্ষ্যে পৌঁছাতে কোনোই সমস্যা হয়নি ভারতের। উদ্বোধনী জুটিতেই ৪৫ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করে ফেলেছিলেন দুই ভারতীয় ওপেনার মাধুরি মেহতা (২৩) ও শিখা পান্ডে (১৬)। বাকি কাজটা দ্রুতগতিতেই সেরে ফেলেন ঝুলন গোস্বামী। ১৩ বলে ১৮ রানের অপরাজিত ইনিংসটি খেলে দ্রুতই জয় তুলে নিয়েছেন তিনি।

১৩ মার্চ ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।