বাংলাদেশের নয়, আফ্রিদির দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচ শেষে হাত মেলালেন সাকিব আল হাসান ও শহীদ আফ্রিদি। ইডেনে কাল পাকিস্তানের কাছে ৫৫ রানে হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ l ছবি: এএফপি
ম্যাচ শেষে হাত মেলালেন সাকিব আল হাসান ও শহীদ আফ্রিদি। ইডেনে কাল পাকিস্তানের কাছে ৫৫ রানে হারের হতাশা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ l ছবি: এএফপি

শহীদ আফ্রিদি আর দিন খুঁজে পেলেন না!

ব্যাটে রান নেই অনেক দিন। সমালোচনায় সমালোচনায় জর্জরিত। ‘বুম বুম’ নামটাকে পরিহাসের মতো শুনিয়ে যেন এক পুরাকীর্তি! আর এই দিনেই কিনা দেখা দিতে হবে সবার প্রায় ভুলতে বসা পুরোনো রূপে!
ম্যাচটা ঘিরে বাড়তি একটা রোমাঞ্চ ছিল। প্রায় ২৬ বছর পর ইডেন গার্ডেনে বাংলাদেশের ম্যাচ। পেছনে এশিয়া কাপে সবাইকে চমকে দেওয়া পারফরম্যান্স। সেই রোমাঞ্চে জল ঢেলে দেওয়ার কাজটা তো বলতে গেলে একাই করলেন আফ্রিদি।
ব্যাটিং অর্ডারে নিজেকে চারে তুলে এনে যখন নামছেন, দুই পাকিস্তানি সাংবাদিকের আলাপচারিতা কানে এল। টি-টোয়েন্টিতে আফ্রিদির সর্বশেষ ফিফটি হাম্বানটোটায়। সেই ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে। বোঝাই গেল, মাঝখানের সময়টা এতবার এটি তাঁদের লিখতে হয়েছে যে, মুখস্থ হয়ে গেছে।
সর্বশেষ ফিফটি এখনো সেই হাম্বানটোটারই। মাত্র ১ রানের জন্য কাল যেটি পেলেন না। তবে সর্বনাশ যা হওয়ার তা তো এর আগেই হয়ে গেছে। আউট হলেন ১৯তম বলে। আগের ১৮ বলেই করে ফেলেছেন ৪৯ রান, ৪টি চার, ৪টি ছয়। ম্যাচটার দিকে পেছন ফিরে তাকালে কোথায় এটি বাংলাদেশের জন্য রোমাঞ্চের বদলে ‘দুঃস্বপ্নের ম্যাচ’ হয়ে গেল বুঝতে একটুও সমস্যা হচ্ছে না।
যখন নেমেছেন, তখনই অবশ্য ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়েছে বাংলাদেশ। ১৩.৫ ওভারে স্কোরবোর্ডে উঠে গেছে ১২১ রান। দ্বিতীয় উইকেটে আহমেদ শেহজাদ ও মোহাম্মদ হাফিজের ৯৫ রানের জুটি। যেটি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, ইডেনের এই উইকেট ব্যাটিং-স্বর্গ কাহাকে বলে প্রশ্নের উত্তর।
মুস্তাফিজুর শেষ পর্যন্ত খেলেননি। আজ খেলবেন-কাল খেলবেন করতে করতে অবস্থাটা এমন হয়েছে যে, ‘খেলতে পারেননি’ লেখা উচিত না ‘খেলেননি’, এই প্রশ্নও জাগছে। তা মুস্তাফিজ নেই তো কী! ঢাকায় এশিয়া কাপে কি তাঁকে ছাড়াই পাকিস্তানকে হারায়নি বাংলাদেশ! হারিয়েছে, তবে পার্থক্য হলো, মিরপুরের উইকেটে বোলারদের জন্য কিছু ছিল। বাংলাদেশের বোলারদের ভালো করতে উইকেট থেকে কিছু সাহায্য লাগে। আর এখানে উইকেট এমনই যে, বোলার শুধু লাইন-লেংথ ঠিক রেখে প্রার্থনাই করে যেতে পারে।
শুরু থেকেই মার খেয়ে সেই লাইন-লেংথও গুলিয়ে ফেললেন মাশরাফিরা। ‘মাশরাফিরা’ লেখা হলো, তিনি শুধু অধিনায়ক বলে নয়। বোলিং ব্যর্থতার নেতৃত্বেও তো তিনি। ৩ ওভারে দিয়ে ফেললেন ৪১ রান। বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্নবিদ্ধ দুই বোলার তাসকিন আর সানিকেই বলা যায় একটু ব্যতিক্রম। বাকি বোলারদের সবার অবস্থাই খারাপ।
গত কিছুদিনের ইতিহাস বলছিল, পাকিস্তানের এই দলের শুধু বোলিংটাই আছে। ব্যাটিংয়ে কিচ্ছু নেই। ‘বাংলাদেশের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং’-ই হবে এই ম্যাচের নির্ধারক। তা সেই পর্বটা শুরু হওয়ার আগেই তো ম্যাচ শেষ! প্রথমে ব্যাটিং করেও বাংলাদেশ কখনো ২০০ করতে পারেনি। আর এখানে কিনা বলা হচ্ছে ২০১ রান তাড়া করতে।
এক ইনিংসের পরই তাই ম্যাচ শেষ! পাকিস্তানের ভঙ্গুর ব্যাটিং লাইনআপকে শুরুতেই একটা ধাক্কা দিতে পারলে একটা কিছু হলেও হতে পারত। দ্বিতীয় বলে শারজিল খান মিড অনে যে ক্যাচটি তুলেছিলেন, তামিম একটু আগে থেকে তা অনুমান করতে পারলে সেটি ধরলেও ধরতে পারতেন। তাতেও কি কোনো ইতরবিশেষ হতো?
তৃতীয় ওভারেই তো আউট হয়ে গেলেন শারজিল। সেটি তো গায়েই মাখল না পাকিস্তান। এর পরই যে দাঁড়িয়ে গেলেন শেহজাদ ও হাফিজ। তাঁদের গড়ে দেওয়া মঞ্চে দাঁড়িয়ে আফ্রিদির ওই প্রলয় নাচন।
জয়ের কথাটা ভাবাই ছিল বাড়াবাড়ি। বাংলাদেশ ব্যাট করতে নামার সময় চাওয়া ছিল আসলে একটাই, যেটি দুই দিন আগে সাকিব বলছিলেন, ‘আমরা যদি হেরেও যাই, এমনভাবে যেন হারি যাতে পরের ম্যাচগুলোতে একটু আত্মবিশ্বাস নিয়ে নামতে পারি।’
টি-টোয়েন্টিতে ৫৫ রানের ব্যবধান অনেক বড়। সেই লক্ষ্য তাই অর্জিত হলো কি না প্রশ্ন থাকছেই। নেমেই চালাতে শুরু করা সাব্বির আউট হয়ে যাওয়ার পর ‘সম্মানজনক পরাজয়’টাই ছিল একমাত্র চাওয়া। তা কিছুটা হলো সাকিবেরই সৌজন্যে। ১৪ ইনিংস পর টি-টোয়েন্টিতে ফিফটি করলেন। ৪০ বলে অপরাজিত ৫০।
সর্বশেষ ফিফটিতেও অপরাজিত ছিলেন। প্রতিপক্ষও ছিল এই পাকিস্তানই। দুটিতে পার্থক্য হলো, ২০১৫ সালের এপ্রিলে মিরপুরের ওই ম্যাচে বাংলাদেশ জিতেছিল। আর এখানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপে সামনের পথটা আরও দুস্তর হয়ে গেল!

পাকিস্তান: ২০ ওভারে ২০১/৫
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৬/৬
ফল: পাকিস্তান ৫৫ রানে জয়ী