বাংলাদেশের পক্ষে সরফরাজ

এশিয়া কাপ নিয়ে এবার মুখ খুলেছেন সরফরাজ নেওয়াজ। তবে মুখ খুলে তিনি এ প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশের পাশেই দাঁড়িয়েছেন। নিজের দেশের ক্রিকেট বোর্ডকে তিনি পরামর্শ দিয়েছেন, ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রেখে তাদের উচিত বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপে অংশ নেওয়া। বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কেও মন্তব্য করেছেন তিনি। বলেছেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যতটা না সন্ত্রাস কবলিত, তার চেয়ে অনেক বেশি রাজনৈতিক। এ পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’
সরফরাজ এশিয়া কাপ নিয়ে ইতিবাচক মন্তব্য করলেও এ প্রতিযোগিতার ব্যাপারে পাকিস্তানের নেতিবাচক মনোভাবটা থেকে যাচ্ছেই। সম্প্রতি পিসিবির সাবেক সভাপতি ইজাজ বাট বিতর্ক এড়াতে এশিয়া কাপ প্রতিযোগিতা সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘যেহেতু এশিয়া কাপ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়াটা বাংলাদেশ মেনে নেবে না, সেহেতু এটি নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে হতে পারে।’
সরফরাজ অবশ্য এসব মন্তব্য আমলে নিচ্ছেন না। তাঁর বক্তব্য এ ব্যাপারে খুবই পরিষ্কার, ‘এশিয়া কাপে পাকিস্তান দলের অবশ্যই অংশ নেওয়া উচিত। যেহেতু এত বড় একটা প্রতিযোগিতা বাংলাদেশে হতে যাচ্ছে, তাই বাংলাদেশ সরকার ও বিসিবি নিশ্চয়ই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিচ্ছে, তা ছাড়া বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে সন্ত্রাসকে মেলানো একেবারেই অনুচিত। কারণ, বাংলাদেশের পুরো পরিস্থিতিই রাজনৈতিক।’
এশিয়া কাপে অংশ নেওয়া না নেওয়া নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্য চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি। তাঁরা বাংলাদেশে আগামী কয়েক দিনের মধ্যেই একজন নিরাপত্তা পর্যবেক্ষক পাঠাচ্ছে। সেই পর্যবেক্ষকের পাঠানো প্রতিবেদন অনুযায়ীই পাকিস্তান এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। এএনআই।