বাংলাদেশের প্রকৃতির সঙ্গে নিউজিল্যান্ডের শত্রুতা চলছেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই ছিল চকচকে রোদ। হেমন্তের সপ্তাহ খানেক চলে গেলেও গরমে জেরবার সবাই। দুপুরের দিকে হঠাৎ করেই আকাশে মেঘের ঘনঘটা। কালো হয়ে এল চারপাশ। মুশফিকুর রহিমের সংবাদ সম্মেলন যখন চলছে, মিরপুরের আকাশ তখন কেঁদে চলেছে অঝোর ধারায়। দুপুরে নিউজিল্যান্ড দল যখন অনুশীলনে এল, শেরেবাংলায় তখন রয়ে গেছে বৃষ্টির ছাপ। বৃষ্টিভেজা মাঠে কি আর অনুশীলন জমে! দুপুর দেড়টার দিকে মাঠে এসে তাই সোয়া তিনটার দিকেই ফেরার বাসে চাপলেন কিউইরা।
বৃষ্টিতে অনুশীলন ম্যাচ ভেস্তে গেছে চট্টগ্রামে। প্রথম টেস্টের আগে পায়নি যথেষ্ট অনুশীলন সেশন। এবার দ্বিতীয় টেস্টের আগের দিনও অনুশীলনে বৃষ্টির থাবা। ব্রেন্ডন ম্যাককালামের অবশ্য আগেও এ নিয়ে অভিযোগ ছিল না। এবারও নেই। কিউই অধিনায়কের ভাবনাজুড়ে উইকেট আর প্রতিপক্ষ।
এ বছর আটটি টেস্ট খেলে এখনো জয়ের মুখ দেখেনি নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার কাছে দুই টেস্ট হেরেছে ইনিংসে। ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে ৩ টেস্ট ড্র। ইংল্যান্ডের মাটিতে দুটি বড় হার, একটি ড্র। এই সিরিজে প্রথম টেস্ট ড্র। ঢাকা টেস্টে কি কাটবে এই জয়খরা? ইচ্ছে নিশ্চয়ই আছে মনে, তবে জয়স্পৃহার তীব্র কোনো প্রতিফলন দেখা গেল না ম্যাককালামের কথায় বা শরীরী ভাষায়। সংবাদ সম্মেলনে ‘জয়’ শব্দটি সরাসরি উচ্চারণও করলেন না একবারও। বাংলাদেশকে নিয়ে এতটাই সতর্ক, সমীহ!
প্রথম টেস্ট ড্র হওয়ার পর ম্যাককালামের সন্তুষ্টিই বলে দিচ্ছিল, কিউইদের স্বপ্নের দিগন্ত এবার অবারিত নয়। কালও বাংলাদেশকে শ্রদ্ধার চূড়ান্ত দেখিয়ে জয়ের কথা বললেন অনেকটা ঘুরিয়ে, ‘বাংলাদেশের প্রতি আমাদের শ্রদ্ধা অনেক। আমরা জানি প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ অনেক কঠিন, গত টেস্টে সেটা প্রমাণিতও হয়েছে। দারুণ একটি ম্যাচ হয়েছে চট্টগ্রামে, দুদল পরস্পরকে এতটুকু ছাড় দিতে চায়নি। এখানেও তেমন না হওয়ার কিছু নেই। আমাদের কাছে প্রত্যাশা অবশ্যই জয় এবং সেটার পরিবর্তনও হয়নি।’
লক্ষ্য পূরণে ম্যাককালামদের সবচেয়ে বড় বাধা হতে পারে উইকেট। গত পরশুই পিটার ফুলটন বলেছেন, মিরপুরে বল টার্ন করতে পারে আরও বেশি। ম্যাককালামের উপলব্ধিটা অবশ্য অন্য রকম, ‘আমার মনে হয়, বাংলাদেশের উইকেটে বল অনেক টার্ন করে, এটা একটা কল্পকাহিনি। শ্রীলঙ্কা-ভারতে বরং অনেক বেশি টার্ন করে। বাংলাদেশে বরং স্কিড করে বেশি। এটা খেলাও অনেক সময় কঠিন। বাংলাদেশের স্পিনাররা বোলিংও ভালো করেছে। আগামী পাঁচ দিনেও এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে আশা করি, এবার আমরা ভালোভাবেই সামলাতে পারব।’
স্পিন নিয়ে নিউজিল্যান্ডের সমস্যাটা দ্বিমুখী। প্রথম টেস্টে এক উইলিয়ামসন ছাড়া স্পিনে স্বচ্ছন্দ মনে হয়নি আর কোনো ব্যাটসম্যানকে। অধিনায়ক নিজে বা রস টেলরও খেলতে পারেননি স্বস্তিতে। অন্যদিকে তাঁদের স্পিনাররা আবার বিন্দুমাত্র ভোগাতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানদের। উইকেট যেমনই হোক, দুই স্পিনার খেলানো থেকে তাই সম্ভবত সরে আসছে নিউজিল্যান্ড। মূল স্পিনার হয়ে বাংলাদেশে আসা ব্রুস মার্টিনকে ইচ্ছেমতো ধোলাই করেছেন মমিনুল-সোহাগরা। কোপটা পড়তে পারে তাঁর ওপরই। জায়গাটা নেবেন বাঁহাতি পেসার নিল ওয়াগনার। উইলিয়ামসনের কাছ থেকে শিক্ষা নিয়ে স্পিনটাও এবার ভালো খেলতে চান ম্যাককালাম-ফুলটনরা। অধিনায়ক জানালেন, সোহাগ গাজীর জন্যও আছে আলাদা পরিকল্পনা।
তবে পরিকল্পনা থাকা এক ব্যাপার, মাঠে করে দেখানো আরেক ব্যাপার। ম্যাককালামও এটা ভালো করেই জানেন। জানেন বলেই শেষে বললেন, ‘আমরা জানি, আগামী পাঁচ দিন আমাদের জন্য অপেক্ষা করছে কঠিন লড়াই।’
বাংলাদেশ চাইবে, লড়াইটা কঠিন থেকে কঠিনতর করতে। চট্টগ্রামের চেয়েও কঠিন!