বাংলাদেশের প্রতিশোধ
ম্যাচ শুরুর আগে কোচ ওয়াসিফ আলী বাংলাদেশ বাস্কেটবল দলের অধিনায়ক রাশেদুজ্জামানকে ডেকে বললেন, ‘এবার কিন্তু নেপালকে হারাতেই হবে।’ ‘গুরুর’ কথা রেখেছেন রাশেদরা। দক্ষিণ এশীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে নেপালকে কাল ৮১-৭৪ পয়েন্টে হারিয়েছে স্বাগতিক দল। প্রথমার্ধে নেপাল এগিয়ে ছিল ৩৭-৩৬ পয়েন্টে, দ্বিতীয়ার্থে তীব্র লড়াইয়ের পর জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। ২০১১ দিল্লিতে এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নেপালের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই হারের প্রতিশোধই নেওয়া হলো কাল। টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। ধানমন্ডি উডেনফ্লোর জিমনেসিয়ামে এদিন বাংলাদেশের ম্যাচ দেখতে হাজির শ দুয়েক দর্শক। খেলোয়াড়দের স্বজন থেকে শুরু করে এসেছিলেন স্থানীয় কয়েকজন কিশোর। বিভিন্ন সার্ভিসেস দলের সদস্যরাও ছিলেন, তাঁরা উৎসাহ দিয়ে গেলেন স্বাগতিকদের। শেষ পর্যন্ত হাসিমুখেই ঘরে ফিরেছেন সবাই। এর আগে মালদ্বীপকে ৮৮-৬২ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে পাকিস্তান। খেলা শেষে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ প্রেম শাহজাদ অপেক্ষা করছিলেন বাংলাদেশের ম্যাচ দেখার জন্য। ডাগ-আউটে বসে বললেন, ‘বাংলাদেশকে হালকা করে দেখছি না। এই দলের অনেক খেলোয়াড়ই আমার পরিচিত।’ আগামীকাল বাংলাদেশের তৃতীয় ম্যাচ। প্রতিপক্ষ পাকিস্তান।