বাংলাদেশের প্রাপ্তির ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হারানোর কিছু নেই। পাওয়ারই আছে বেশি। ‘যা পাও, দুহাত ভরে নাও।’আজ মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের জন্য এমন প্রেক্ষাপটই তৈরি।মহিলা বিশ্বকাপের বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজই গ্রুপের (বি) সবচেয়ে শক্তিশালী দল। তারা তিনটি ম্যাচই জিতেছে সহজে। বাংলাদেশ জিতেছে দুটি। অভিজ্ঞতা আর ঐতিহ্যে অনেক এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপ খেলেছে ৪টি। সেরা ফল ২০০৫ ও ২০০৯ সালে পঞ্চম।৪৫টি ওয়ানডে খেলা ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টেস্ট খেলেছে ১১টি। ওয়ানডেতে ২৭ হারের বিপরীতে জয় ১৭। ওয়েস্ট ইন্ডিজের এই রেকর্ডের পাশে বাংলাদেশের বলার মতো কিছু নেই। বাংলাদেশের পথচলা তো সবে শুরু।এটাও ঠিক, বাংলাদেশের কাছে আয়ারল্যান্ডও শক্তিশালী প্রতিপক্ষ ছিল। সেই আয়ারল্যান্ডকে গত পরশু ৯৫ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। অবশ্য আয়ারল্যান্ডের চেয়ে ওয়েস্ট ইন্ডিজ অনেক সমীহ জাগানো প্রতিপক্ষ। তাই আজ জয় আশা করা একটু বাড়াবাড়িই। তবে স্পিন শক্তিতে বাংলাদেশ অভাবনীয় কিছু ঘটিয়ে দেওয়ার আশায় থাকছে, ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে গ্রুপ রানার্সআপ হওয়ার সম্ভাবনা থাকবে। সে ক্ষেত্রে প্লে-অফে শ্রীলঙ্কার বদলে পাওয়া যাবে তুলনামূলক অনেক সহজ প্রতিপক্ষ হল্যান্ডকে। এ ম্যাচ বাংলাদেশকে ওই প্রাপ্তিটারই হাতছানি দিচ্ছে। প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলাটাই যেখানে বড় অভিজ্ঞতা, তাই আজ হারলেও কোনো ক্ষতি নেই। বাংলাদেশের বিশ্বকাপ খেলা, ওয়ানডে স্ট্যাটাস সবই পাওয়া সম্ভব। আয়ারল্যান্ডকে হারিয়েই সম্ভাবনার দুয়ারটি খুলে ফেলেছে বাংলাদেশ। অবশ্য গ্রুপের অন্য প্রতিদ্বন্দ্বী পাকিস্তান আজ জাপানকে বড় ব্যবধানেই হারাতে চাইবে। সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশের পয়েন্ট হবে সমান ছয়। এখন পর্যন্ত রানগড়—ওয়েস্ট ইন্ডিজ +৩, বাংলাদেশ +১.২৩, পাকিস্তান +০.৬০। রানগড়টা বড় হয়ে উঠতে পারে, যদি বাংলাদেশ আজ অঘটন ঘটিয়ে দেয়! তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে বাংলাদেশকে জিততে হবে বিশাল ব্যবধানে, যেটি প্রায় অবাস্তব।ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও গ্রুপে তৃতীয়ই হবে বাংলাদেশ। সে ক্ষেত্রে আগামী পরশু গ্রুপ ‘এ’-র দ্বিতীয় দলের সঙ্গে (সম্ভাব্য শ্রীলঙ্কা) প্রথম প্লে-অফ খেলতে হবে তাদের। জিতলেই সেমিফাইনাল। তাতে ওয়ানডে স্ট্যাটাস এবং বিশ্বকাপের টিকিটও মিলবে। আয়ারল্যান্ডকে হারালেই ওয়ানডে স্ট্যাটাস—বাংলাদেশ দল এটাই জানত। কিন্তু হিসাবে গড়বড় হওয়ায় অপেক্ষাটা বাড়ছে, এই যা।আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল বেশ ফুরফুরে মেজাজে। কাল অনুশীলনে যাওয়ার আগে হোটেল লবিতে দাঁড়িয়ে ওপেনার আয়েশা বললেন, ‘আমরা কিছু অর্জন করার কাছাকাছি পৌঁছেছি। সুযোগটা কাজে লাগাতে ব্যাকুল।’ আয়ারল্যান্ড ম্যাচে ৬ উইকেট পাওয়া অফ স্পিনার খাদিজাতুল কুবরার কথা, ‘ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। তবে আমরা তাদের হারাতেই মাঠে নামব।’কোচ মমতা মাবেন বলছেন, ‘আমরা হিসাব-নিকাশে যাব না। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। তবে অবশ্যই চাইব ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতে।’ অধিনায়ক সালমা খাতুনও সামনে তাকাতে চান, ‘আমরা সুযোগ কাজে লাগাতে সব চেষ্টাই করব।’দুই দল কেউ কারও সম্পর্কে সেভাবে জানে না। এটি দুই দলের প্রথম সাক্ষাৎ। বাংলাদেশের শক্তি স্পিন, এটা শুনেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। ‘আমি শুনেছি, বাংলাদেশের স্পিন বোলিং ভালো। তবে আমরা দুশ্চিন্তায় নেই। জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই’—আশাবাদ মারিসা আগুইলিরার।