বাংলাদেশের ফাইনালে ওঠার ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমস হকির চূড়ান্ত পর্বের টিকিট আগের ম্যাচেই নিশ্চিত করেছে বাংলাদেশ। আসল কাজটা অবশ্য বাকি এখনো। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলে তবেই নিজেদের সফল ভাবতে পারবে বাংলাদেশ। সেই মিশনে আজ বেলা সোয়া ৩টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে সামনে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কা। অলিখিত সেমিফাইনাল হয়ে ওঠা এ ম্যাচ জিতলে ফাইনালে উঠবে স্বাগতিক দল।
ফাইনালটা দৃষ্টিসীমাতেই দেখছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। কেননা, শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ তিন সাক্ষাতে এক ড্র, বাকি দুবার জিতেছে বাংলাদেশ। ২০১০ এশিয়ান গেমস বাছাইপর্বে ৩-৩ ড্র, একই বছর এসএ গেমসে ব্রোঞ্জের লড়াইয়ে ২-১। ২০১২ এএইচএফ কাপের সেমিফাইনালে ৫-৩।
চলমান প্রতিযোগিতায় তিন ম্যাচ জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ারও স্বাগতিকদের জন্য বাড়তি প্রেরণা। উপরন্তু এই ম্যাচ জ্বলে ওঠার ডাক দিচ্ছে বাংলাদেশকে। জয়ের ধারায় থাকলেও এখনো নিজেদের সেরাটা তুলে ধরতে না পারা, ফরোয়ার্ডরা ছন্দে না থাকা, পেনাল্টি কর্নারে অধিনায়ক মামুনুরের সেভাবে গোল না পাওয়া—আজ সেরাটা ঢেলে দেওয়ারই দিন বাংলাদেশের।
লাল-সবুজের কোচ নাভিদ আলমও সেটিই বলছেন, ‘যেভাবেই হোক আগের তিন ম্যাচ জিতেছি আমরা। আশা করি, সেরা পারফর্ম করেই শ্রীলঙ্কার সঙ্গে জিতব।’ শ্রীলঙ্কান কোচ এস উইমালাসিংহের কণ্ঠে প্রতিপক্ষের প্রতি সমীহ, ‘বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। ওদের বিপক্ষে জেতা সহজ নয়।’