বাংলাদেশের ফুটবলে ‘কমলার’ ছোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে মাত্র গত জানুয়ারিতে নিয়োগ পেয়েছেন লোডভিক ডি ক্রুইফ। আর কোচ হওয়ার পরপরই বলেছিলেন, বাংলাদেশ দলের খেলার ধরনটা বদলাতে চান। দিতে চান ডাচ-ছোঁয়া। ডাচদের মতো করে খেলা হয়তো এখনো রপ্ত হয়নি, তবে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে ভালো করে বাংলাদেশ একটা বার্তা দিয়েছে। শেষ মুহূর্তে ব্রুনাই নাম প্রত্যাহার না করলে বাংলাদেশে খেলত চূড়ান্ত পর্বেই। বাংলাদেশ দলের আপাত এই উন্নতিটা চোখে পড়েছে ফুটবল বিশ্বেরও। ফিফার ওয়েবসাইট ফিফা ডট কম বাংলাদেশ দলের কোচের সঙ্গে কথা বলে একটা নিবন্ধ লিখেছে। লোডভিক ডি ক্রুইফ জানিয়েছেন, নেপালের ওই টুর্নামেন্টে বাংলাদেশ দলের খেলায় তিনি মুগ্ধ, ‘দলটিকে আমার বেশ ভালো মনে হচ্ছে। ছেলেরা মনপ্রাণ দিয়ে খেলেছে। আমরা কিছু নতুন ধারণা নিয়ে এসেছিলাম। ছেলেরা প্রমাণ করেছে, তাঁর খুব দ্রুতই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম।’বাংলাদেশের ডাচ কোচ বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে যে বিষয়গুলোর ওপর জোর দিয়েছেন, তা হলো ‘দল হিসেবে এককাট্টা ও নিয়মানুবর্তী হওয়ার ওপর জোর দিয়েছি। এ ছাড়া খেলোয়াড়দের চিন্তাভাবনা ও খেলার পদ্ধতিতেও পেশাদারি বাড়ানোর চেষ্টা করছি।’ দুই মাস যেতে না-যেতেই সেই সুফল পেতে শুরু করেছে বাংলাদেশ। ডি ক্রুইফ প্রশংসা করেছেন দলের আক্রমণ ভাগের, বিশেষ করে দুই তরুণ রনি ও তকলিচের, ‘এখন পর্যন্ত আমি আমার আক্রমণ ভাগ নিয়ে সন্তুষ্ট। রনি ও তকলিচ দুজনই তাদের শিকারি প্রতিভার পরিচয় দিয়েছে। তারা খুবই অল্প বয়সী। তাদের নিয়ে অনেক কাজ করার আছে, তবে তাদের লম্বা ঝলমলে একটা ক্যারিয়ার হতেই পারে।’ তিন ম্যাচে বাংলাদেশ খেয়েছে মাত্র এক গোল। রক্ষণভাগের উন্নতিটাও পরিতৃপ্তি দিয়েছে ডাচ কোচকে, ‘টুর্নামেন্টজুড়ে আমাদের ব্যাকলাইন ছিল জমাট। আমাদের গোলরক্ষক শহীদুল আলমও ভালো করেছে।’আগামী সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠেয় সাফ ফুটবলে বাংলাদেশ দল আরও উন্নতির ছাপ রাখবে বলে বিশ্বাস ডি ক্রুইফের। ওয়েবসাইট।