খেলোয়াড় হিসেবে সামনের সারিতে থাকার প্রশ্নই আসে না। তবে মানুষ হিসেবে বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে ড্যারেন স্যামি সম্ভবত এক নম্বরেই থাকবেন। সব সময়ই মুখে হাসি, সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক কথা বলতে একটুও আপত্তি নেই। স্যামি যেন নানা বিধিনিষেধের জালে বন্দী এই যুগের ক্রিকেটার নন। এক টানে তিনি নিয়ে যান সেই পুরোনো দিনে, যখন সাংবাদিকদের সঙ্গেও ক্রিকেটারদের বন্ধুত্ব সম্ভব ছিল। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় একদিন তাজ সমুদ্র হোটেলের ব্রেকফাস্ট রুমে অনেকক্ষণ গল্প বলার পর মজা করে বলেছিলাম, ‘বাংলাদেশে যখন যাবে, তখন তো চিনতেই পারবে না!’ স্যামি হেসে প্রতিবাদ করেছিলেন, ‘তুমিও আমাকে এই চিনলে!’বাংলাদেশ সফরে আসার পর কাল টেস্ট-উত্তর সংবাদ সম্মেলনেই প্রথম দেখা। চিনতে তো পারলেনই (এটা যে বলার মতো ব্যাপার, সেটি সাংবাদিকেরাই শুধু বুঝতে পারবেন), সংবাদ সম্মেলন থেকে ড্রেসিংরুমে ফেরার পুরোটা পথ কথা বলতে বলতে গেলেন। ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়েও বেশ কিছুক্ষণ। ফিরে আসার সময় ধন্দ লাগছিল, এতক্ষণ কি ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের সঙ্গেই কথা বলে এলাম, নাকি বাংলাদেশের অধিনায়কের সঙ্গে! ড্যারেন স্যামি যে বাংলাদেশের হয়েই ‘ব্যাট’ করে গেলেন সারাক্ষণ!নিজে থেকেই বললেন, ‘এই টেস্টে বাংলাদেশের পারফরম্যান্সে তো তোমাদের খুশি হওয়া উচিত। বাংলাদেশ দলে ২৩-২৪ বছরের সব ছেলে, অথচ ওরা আমাদের ঘাম ছুটিয়ে দিয়েছে।’ একটা উদাহরণও দিলেন, ‘একটা শিশু কি প্রথমেই দৌড়াতে শুরু করে? প্রথমে হামাগুড়ি দেয়, টলমল পায়ে হাঁটে, তার পর না দৌড়ায়। ধৈর্য ধরতে হবে, এই বাচ্চা ছেলেগুলোকে আরও সময় দিতে হবে। আরে, দুই বছর আগে আমরা তো এই টেস্টে নির্ঘাত হারতাম।’ এগারো মাস পর এটা যে বাংলাদেশের প্রথম টেস্ট, সেটিও মনে করিয়ে দেওয়া কর্তব্য মনে করলেন, ‘আমরা এ বছর ৮টি টেস্ট খেলেছি, তার পরও টি-টোয়েন্টি থেকে টেস্টের মেজাজে ফিরতে অনেক কাজ করতে হয়েছে।’শুনতে শুনতে এমন অবাক লাগছিল! মাত্রই কঠিন লড়াই করে সিরিজের প্রথম টেস্টটা জিতেছেন। তিন দিন পরই দ্বিতীয় টেস্ট। এ সময় কোথায় মনস্তাত্ত্বিক খেলা খেলে বাংলাদেশের ওপর চাপ বাড়িয়ে দেবেন, উল্টো স্যামি দেখি বাংলাদেশের বন্ধু হয়ে গেলেন! নইলে কেন বাংলাদেশের ক্রিকেটারদের বেশি সমালোচনা না করতেও অনুরোধ করবেন, ‘সমালোচনার বদলে ওদের দরকার উৎসাহ। আমি জীবনে অনেক সমালোচনা সয়েছি। আমার কথা আলাদা, আমি কোনো কিছু গায়ে মাখি না। কিন্তু সবাই তো একরকম নয়। বাংলাদেশের এই ২৩-২৪ বছরের ছেলেরা বেশি সমালোচনায় ভেঙে পড়তেই পারে।’‘থার্ডম্যান থেকে’ কলামে নিজের যা মনে হয়, তা-ই লিখব বলে সিদ্ধান্ত ছিল। কিন্তু এটা তো দেখি ড্যারেন স্যামির কলাম হয়ে যাচ্ছে! কী করব, প্রতিপক্ষ সম্পর্কে স্যামির কথাগুলো এমনই ব্যতিক্রমী লাগল, সব তুলে দিতে ইচ্ছা করছে।তামিম ইকবাল সম্পর্কে মন্তব্যটাও যেমন। প্রথম ইনিংসে তামিমের ৭১ বলে ৭২ রানের ইনিংসটি নিয়ে তির্যক সমালোচনায় স্যামিকে খুবই মর্মাহত মনে হলো! পরদিন সকালে হোটেলে নাশতা করতে গিয়ে দেখা হওয়ার পর তামিমকে নাকি তা বলেছেনও, ‘তামিম তো সব সময় এভাবে খেলেই রান করেছে। অন্যভাবে খেললে ও পারবে না। আমার দলে আমি সবাইকে তাঁর সহজাত খেলাটাই খেলতে বলি। নিজের কথাই বলি, আমি মাঝখানে সমালোচনার চোটে ঠুকঠুক করে খেলার চেষ্টা করেছি। কাজ হয়নি। পরে বুঝেছি, আমার শক্তির জায়গা হলো ডাউন দ্য গ্রাউন্ড মারা, এখন সেটিই খেলি।’তামিম প্রসঙ্গে যে দুটি নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়, স্যামিও সেই শেবাগ-গেইলের উদাহরণ টেনে আনলেন, ‘শেবাগ যেমন সব সময় এভাবেই খেলে। ক্রিসও তাই। প্রথম ইনিংসে ও যে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে গেল, ওকে তো আমরা কিছুই বলিনি। তামিমের মতো ব্যাটসম্যানরা নিজের খেলা খেলতে গিয়ে কখনো কখনো যে বাজেভাবে আউট হয়ে যাবে, সবাইকে তা বুঝতে হবে। আমার দলের ব্যাটসম্যানদের আমি যা বলি, তামিমকেও তেমন শুধু একটু সিলেক্টিভ হতে বলব।’এবার আর পারলাম না। গম্ভীর মুখে স্যামিকে জিজ্ঞেস করলাম, বাংলাদেশে এসে তিনি প্রথম আলো পড়া শুরু করেছেন কি না? তামিমকে নিয়ে লেখা আমার ‘থার্ডম্যান থেকে’টাই তো দেখি মুখস্থ বলে যাচ্ছেন! স্যামি শুনে খুব হাসলেন। দ্বিতীয় ইনিংসে তামিম তামিমের মতো শুরু করেননি বলে যে স্বস্তিটা পেয়েছেন, সেটিও বললেন সবিস্তারে, ‘ও যখন বেশ কয়েকটা বল ব্যাট উঁচিয়ে ছেড়ে দিল, তখনই বুঝতে পেরেছিলাম হঠাৎ একটা বলে চালিয়ে আউট হয়ে যাবে! আমাদের ভয় ছিল তামিমকে নিয়েই। একবার ভাবো, ও যদি প্রথম ইনিংসের মতো একটা শুরু করে দিয়ে যেত, ম্যাচের চেহারাটা কেমন হয়ে যেত!’প্রেসবক্সে যে বারবার বলেছি, বাংলাদেশের জয়ের পূর্বশর্ত হলো শুরুতেই তামিমের ব্যাট থেকে একটা ঝোড়ো ফিফটি, স্যামিকে আর তা বললাম না। তাঁর সব কথাই আমার কথা, এটা কি আর বিশ্বাস করবেন!