আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়গাথা রচনা করব বলে মাঠে বসে খেলা দেখতে এসেছি। দৃঢ় বিশ্বাস ছিল, এই ম্যাচে বাংলাদেশ সহজ জয় পাবে। প্রথম আলোয় প্রকাশিত ড. মোহীতের কালকের লেখার মধ্যে সে রকম একটি ভবিষ্যদ্বাণীও যোগ করে দিয়েছি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নেমেছিল আমাদের টাইগাররা।শুরুটা ভালোই হয়েছিল। প্রথম দুই ওভারে আমাদের দলীয় তহবিলে জমা পড়েছিল ২০ রান। কিন্তু অবিশ্বাস্য রানের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না ইমরুল-জুনায়েদ-সাকিবরা। অকারণে, অপ্রয়োজনে, উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে ইমরুলের স্টাম্পড হওয়ার মধ্য দিয়ে শুরু হওয়া বিপর্যয়ের মাত্রা দ্রুতই বৃদ্ধি পেল জুনায়েদের রানআউটের মধ্য দিয়ে। অপর প্রান্ত থেকে রান না পাওয়ার স্নায়ুচাপ সহ্য করতে না পেরে ভারতের বিরুদ্ধে ৭০ রান করা তামিমও ফিরে গেল মাত্র ৪৪ রানে। নির্ভরযোগ্য সাকিবও সামাল দিতে পারল না সেই অধঃপতনের ধারা। তাই প্রতি ওভারে ১০ রান দিয়ে শুরু হওয়া বাংলাদেশের ইনিংস শেষ হলো ওভারপ্রতি প্রায় ৪ রান নিয়ে।দুঃখের বিষয়, রিয়াদের পরিবর্তে বিশ্বকাপে খেলার সুবর্ণ সুযোগ হাতে পেয়েও আশরাফুল সেই সুযোগটি কাজে লাগাতে পারল না। ভাগ্যিস, আমাদের বোলাররা কিছু রান পেয়েছিল। না হলে ২০০ রানের কোটা পেরোনো হতো না আমাদের।এখন আয়ারল্যান্ড ব্যাট করতে শুরু করেছে। একটি আইরিশ উইকেটও শুরুতেই পড়েছে। দেখা যাক আমাদের আশা পূর্ণ হয় কি না। দর্শকদের পাশে আমিও আশায় বুক বেঁধে স্টেডিয়ামে বসে আছি। মনে মনে আউড়ে চলেছি নিজেরই কবিতার একটি পঙিক্ত, ‘স্বপ্নভ্রষ্টক্ষতবিশ্বে আশা তার একমাত্র পুঁজি’।শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ‘হসপিটালিটি বক্স’-এ বসে বিশ্বকাপ ক্রিকেট ২০১১-এর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের খেলা দেখে, আমার ল্যাপটপে ওই খেলার রিপোর্ট লিখব—এ রকম একটি দৃশ্যের কথা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। এই অবিশ্বাস্য দৃশ্যটিকে আমার কবিজীবনের সঙ্গে সংযুক্ত করার সব কৃতিত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বকালের সেরা সভাপতি জনাব আ হ ম মুস্তফা কামাল এমপি সাহেবের। তিনি স্ব-উদ্যোগে আমাকে খুঁজে বের করে চলতি বিশ্বকাপ ক্রিকেট দেখার জন্য প্রয়োজনীয় ‘সোনার হরিণ’ আমার হাতে ধরিয়ে না দিলে আমাকে ঘরে বসেই টিভিতে খেলা দেখতে হতো। প্রথম আলোর জন্য বিশ্বকাপ ক্রিকেটের কোনো একটি খেলার স্পট রিপোর্টিং করার দুর্লভ অভিজ্ঞতা আমার অর্জিত হতো না।শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামমিরপুর, ২৫/০২/২০১১শুক্রবার, সন্ধ্যা সাতটা সাত মিনিট