অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। আজ টাউন্সভিলের এনডোভার পার্কে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ১৭১ রানকে অস্ট্রেলিয়া টপকে যায় ৫ উইকেট হারিয়ে; ৪৫.৫ ওভারে। বসিস্টোর ৭১ রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে পৌঁছে দেন জয়ের বন্দরে।এর আগে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা ছিল আশা-জাগানিয়া। বিনা উইকেটে ৬৪ রান স্কোরবোর্ডে উঠে যাওয়ার পর যেকোনো দলই একটি ভালো সংগ্রহের স্বপ্ন দেখে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও দেখেছিল। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় শেষ পর্যন্ত ১৭১ রান তুলেই সন্তুষ্ট থাকতে হয় আনামুল-লিটন-সৌম্যদের। সৌম্য সরকারের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৭৩ রান। ১৭২ রানের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ছিল ভয়াবহ। ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটিকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলেন বাসিস্টো ও হেড। বাসিস্টো শেষ পর্যন্ত ৭১ রানে অপরাজিত থাকলেও হেড আউট হন ৪৪ রানে। এ ছাড়া পিয়ারসন ২১ ও টার্নার ২৭ রান করেন। বাংলাদেশের তাসকিন আহমেদ ও আবু জায়েদ প্রথম দিকে দুর্দান্ত বল করে ২টি করে উইকেট তুলে নেন। তথ্যসূত্র: ক্রিকইনফো