বাংলাদেশের বিপক্ষে ডাবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব বড় কোনো রেকর্ড হয়তো নয়, তারপরও রেকর্ড তো! কাল আর মাত্র ১১ রান করতে পারলেই ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে পারত মাহেলা জয়াবর্ধনে-উপুল থারাঙ্গা জুটি। মিরপুরে উদ্বোধনী জুটিতে কাল ২১৫ রানের জুটি গড়েছেন দুজন। ২২৫ রানের রেকর্ডটিও উদ্বোধনী জুটির। ১৯৯৭ সালে নাইরোবিতে কেনিয়ার কেনেডি ওটিয়েনো এবং দীপক চুডাসামার জুটিটি সে সময় ছিল উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ড। ২০০৫ সালের ন্যাটওয়েস্ট ট্রফিতে নটিংহামে চতুর্থ উইকেটে ২১০ রানের জুটি গড়েছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস ও পল কলিংউড। ক্যারিয়ার-সেরা ১৫২ রান করেছিলেন স্ট্রাউস, ইংল্যান্ড তুলেছিল ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ৩৯১। বাংলাদেশের বিপক্ষে দুই শতাধিক রানের প্রথম জুটিটি এখন তালিকার চার নম্বরে। ১৯৮৮ সালের এশিয়া কাপে চট্টগ্রামে তৃতীয় উইকেট জুটিতে ২০৫ রান তুলেছিলেন পাকিস্তানের মঈন-উল-আতিক ও ইজাজ আহমেদ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন ইজাজ, আর ওটি মঈনের ক্যারিয়ারের একমাত্র সেঞ্চুরি।