বাংলাদেশের বিপক্ষে নতুন মুখ পারমল
পূর্ণশক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য গতকাল শনিবার দল ঘোষণা করেছেন ক্যারিবীয় নির্বাচকেরা। ১৫ সদস্যের দলে একমাত্র নতুন মুখ বীরস্বামী পারমল।গায়ানার বাহাঁতি স্পিনার পারমলের প্রতি নির্বাচকদের আস্থার মূল কারণ, ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরম্যান্স সেন্টারের সর্বশেষ বাংলাদেশ সফরে তাঁর দুরন্ত বোলিং। ওই সফরে চার দিনের দুটি ম্যাচে ১২টি উইকেট শিকার করে বাংলাদেশি ব্যাটসম্যানদের চাপে ফেলেন ২৩ বছর বয়সী পারমল।আদ্রিয়ান বারাথ ও ফিদেল অ্যাডওয়ার্ডসকে দলের বাইরে পাঠিয়েছেন নির্বাচকেরা। তবে দলে ফিরেছেন ড্যারেন ব্রাভো ও কির্ক অ্যাডওয়ার্ডস।গত বছর বাংলাদেশ সফরে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ও ওয়ানডে দুটি সিরিজই জিতেছিল ক্যারিবীয়রা। তবে একমাত্র টি-টোয়েন্টিতে হার দিয়ে সফর শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের। গত সফরের ১০ জন ক্রিকেটারকে এবারের টেস্ট সিরিজের দলে রাখা হয়েছে।বাংলাদেশে আসন্ন সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ। খেলা চলবে ৩ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত।এ বছর আটটি টেস্ট ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে জয় পেয়েছে দুটিতে। বাংলাদেশ দল এ বছর এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচে অংশ নেয়নি।স্কোয়াড: ড্যারেন স্যামি (অধিনায়ক), দিনেশ রামদিন, টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, নরসিং দিওনারাইন, কির্ক অ্যাডওয়ার্ডস, আসাদ ফুদাদিন, ক্রিস গেইল, সুনীল নারাইন, বীরস্বামী পারমল, কাইরন পাওয়েল, রবি রামপল, কেমার রোচ ও মারলন স্যামুয়েলস। সূত্র: ওয়েবসাইট।