বাংলাদেশের বিপক্ষে পূর্ণশক্তির শ্রীলঙ্কা
লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের বিবাদ মিটে গেছে। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে তাই পূর্ণশক্তির শ্রীলঙ্কা দলই খেলছে।আজ সোমবার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। ঘোষিত দলে আছেন অ্যাঞ্জেলো ম্যাথুস, তিলকরত্নে দিলশান, কুমার সাঙ্গাকারা, অজন্তা মেন্ডিসদের মতো তারকারা। ১৬ সদস্যের দলে নতুন মুখ চারটি। ইনজুরির কারণে স্বাভাবিকভাবেই দলে নেই সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।গত কয়েক দিন লঙ্কান ক্রিকেট ছিল উত্তপ্ত। বোর্ডের সঙ্গে চুক্তি নিয়ে বড় ধরনের বিবাদে জড়িয়েছিলেন ক্রিকেটাররা। শর্ত মেনে চুক্তিতে স্বাক্ষর করতে রাজি না হওয়ায় ২৩ শীর্ষ ক্রিকেটারকে নিষিদ্ধ করেছিল বোর্ড। জাতীয় দলে তাঁদের বিবেচনা না করতেও নির্বাচকেদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত পিছু হটেন ক্রিকেটাররা। বোর্ডের শর্ত মেনেই গতকাল চুক্তি করতে রাজি হন তাঁরা। শ্রীলঙ্কান ক্রিকেটকে সংকট থেকে বেরোতে প্রধান ভূমিকা রাখেন প্রধান নির্বাচক সনত্ জয়াসুরিয়া।শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৮ মার্চ। টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল।প্রথম টেস্টে শ্রীলঙ্কা দল: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চাণ্ডিমাল, তিলকরত্নে দিলশান, দিমুথ করুণারত্নে, কুমার সাঙ্গাকারা, লাহিরু থিরিমান্নে, শামিন্দা এরাঙ্গা, জেনিথ পেরেরা, জিভান মেন্ডিস, কিথুরুয়ান ভিতানাগ, অজন্তা মেন্ডিস, নুয়ান কুলাসেকারা, চানানা ওলেগেদারা, সুরাঙ্গা লাকমাল, রঙ্গনা হেরাথ ও থারিন্ডু কৌশাল। সূত্র: ক্রিকইনেফা।