বাংলাদেশের বিপক্ষে ফেবারিট নেপাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি অনূর্ধ্ব-২২ ফুটবলের বাছাইপর্বে আজ শনিবার স্বাগতিক নেপালের বিপক্ষে আন্ডারডগ হিসেবেই খেলতে নামবে বাংলাদেশ। অন্তত নেপালের দুটো শীর্ষ ইংরেজি দৈনিকের প্রিভিউ দেখলে তেমনই মনে হবে। নেপালি কোচ কৃষ্ণ থাপাও ম্যাচের আগে রণহুংকার দিয়ে চলেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে নেপালই পরিষ্কার ফেবারিট। বাংলাদেশের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখা একেবারেই কল্পনাবিলাস নয়।’নেপালের বিপক্ষে দু-একটি ব্যতিক্রম বাদ দিলে বাংলাদেশের যেকোনো দলেরই জয়ের রেকর্ড বরাবরই ভালো। তবে নেপালের সঙ্গে সর্বশেষ মোকাবিলাই নেপালি কোচকে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস জোগাচ্ছে। গত ডিসেম্বর মাসে সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ এএফসি অনূর্ধ্ব-২২ প্রতিযোগিতায় নেপালের যে দল মাঠে নামবে, তার বেশির ভাগ খেলোয়াড়ই ওই ম্যাচে খেলেছিলেন।বাংলাদেশের কোচ সৈয়দ গোলাম জিলানী অবশ্য জানিয়েছেন, মাঠে সর্বোচ্চটা দিয়েই তাঁর দল ভালো করার চেষ্টা করবে। তিনি বলেন, ‘যেহেতু আমরা এখানে বাছাইপর্ব খেলতে এসেছি, তাই বাছাইপর্ব উতরে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।’ তিনি আরও বলেন, দলের প্রত্যেক খেলোয়াড়ই ফিট রয়েছে এবং মাঠে নেমে তারা সর্বোচ্চটা দিতেই সর্বাত্মক চেষ্টা করবে।জিলানীর কণ্ঠে আত্মবিশ্বাস ঝরলেও বাংলাদেশের প্রস্তুতিপর্ব নিয়ে সন্তুষ্ট নন তিনি। ওখানে গিয়েও জানিয়েছেন দলের প্রস্তুতির ঘাটতির কথা। তবে চলমান ফুটবল মৌসুমই তাঁকে ভরসা দিচ্ছে। বাংলাদেশ অনূর্ধ্ব-২২ দলের খেলোয়াড়েরা প্রায় সবাই খেলার মধ্যে ছিলেন। এর পাশাপাশি জাতীয় দলের সাতজন খেলোয়াড়ের উপস্থিতিও সৈয়দ গোলাম জিলানীকে সাহস জোগাচ্ছে—ম্যাচ জেতা খুবই সম্ভব।