বাংলাদেশের বিপক্ষে ভারতের রেকর্ড ভালো: শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। গত বিশ্বকাপে এমনই এক ‘প্রথম ম্যাচে’ বাংলাদেশ ভারতের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। তাই ঢাকায় আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে ভারতীয়রা যে একটু বাড়তি সতর্ক সেটা বোঝাই যাচ্ছে। তবে সতর্কতার পাশাপাশি ভারতীয় দলের কেউ কেউ বাংলাদেশকে আক্রমণ করতেও ছাড়ছেন না। এই যেমন, গতকাল শুক্রবার বেঙ্গালুরুতে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বীরেন্দর শেবাগ জানিয়েছেন, ‘বাংলাদেশের বিপক্ষে ভারতের রেকর্ড ভালো।’ নিজের কথার সপক্ষে যুক্তিও তুলে ধরেছেন তিনি। শেবাগ বলেছেন, ‘আমার যতদূর মনে পড়ে, বাংলাদেশ ভারতকে মাত্র দুটি ম্যাচে হারাতে পেরেছে। একটি মনে হয় ঢাকায় আর আর একটি তো গত বিশ্বকাপে পোর্ট অব স্পেনে। অতএব, দলটির বিপক্ষে আমাদের রেকর্ড খুবই ভালো।’গত বিশ্বকাপে বাংলাদেশের কাছে পরাজয় এখনো ভুলতে পারেননি তিনি। তাই আগামী শনিবার বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ নিয়ে একটু বাড়তি ব্যাকুলতাই রয়েছে তাঁর কণ্ঠে। তিনি বলেছেন, ‘আমি ১৯ ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির জন্য মুখিয়ে আছি।’বিশ্বকাপে পুরো দেশের প্রত্যাশা আলাদা কোনো চাপ তৈরি করছে না শেবাগের মধ্যে। তিনি বলেছেন, ‘ভারতীয় দলের সবাই চায়, মাঠে গিয়ে আমি আমার স্বাভাবিক খেলাটা খেলি। তাঁরা সবাই জানে যে আমি ব্যাটিংটা ভালোই পারি। তাই তাঁরা আমার ওপর বাড়তি কোনো বোঝা চাপাতে চান না।’নিজের ইনজুরি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি নিয়মিত চিকিত্সা ও কাঁধের পরিচর্যা চালিয়ে যাচ্ছি। আশা করি, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব।’বিশ্বকাপে বোলিং করবেন কি না এখনই তা বলতে পারছেন না বলে জানিয়েছেন শেবাগ। তিনি বলেন, ‘এখনই নেটে বোলিং করে নতুন করে ইনজুরড হতে চাই না আমি। সুতরাং, যখন মনে হবে কাঁধের ইনজুরি আমার জন্য কোনো সমস্যা নয়, তখনই বোলিং করা শুরু করব আমি।’ টাইমস অব ইন্ডিয়া।