বাংলাদেশের বিপক্ষে শচীন
প্রথম ওয়ানডে শতকটির দেখা পেতে ৭৯তম ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হলেও তারপর আর থেমে থাকেননি টেন্ডুলকার। একের পর এক শতক হাঁকিয়ে নিজেকে নিয়ে গেছেন অলঙ্ঘনীয় উচ্চতায়। তাঁর সর্বোচ্চ ৪৯টি শতকের পর দ্বিতীয় স্থানে আছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের ঝুলিতে আছে ৩০টি শতক। আর এখনো খেলে যাচ্ছেন এমন খেলোয়াড়দের মধ্যে শচীনের নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস গেইল। মাত্র ২০টি শতক নিয়ে। প্রতিটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই একাধিক শতক হাঁকিয়েছেন টেন্ডুলকার। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে শচীন টেন্ডুলকারের শতরান মাত্র একটি। তবে সেই শতরানটির রয়েছে আলাদা এক মাহাত্ম্য। দীর্ঘ অপেক্ষার পর এ বছরের মার্চে ঢাকার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তিনি বাংলাদেশের বিপক্ষে হাঁকিয়েছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ারের শততম ও বাংলাদেশের বিপক্ষে প্রথম শতকটি।বাংলাদেশের বিপক্ষে শচীন টেন্ডুলকার মাঠে নেমেছেন মাত্র ১২ বার। প্রথমবার মুখোমুখি হয়েছিলেন ১৯৯০ সালে, চণ্ডীগড়ে; এশিয়া কাপের ম্যাচ। সেই ম্যাচে ব্যাট হাতে মাঠে নামতে হয়নি তাঁকে। তার আগেই বাংলাদেশের বেঁধে দেওয়া ১৭৮ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত।এরপর থেকে বাংলাদেশের বিপক্ষে ১১টি ম্যাচে মাঠে নেমেছেন শচীন। বাংলাদেশের বিপক্ষে তাঁর ব্যাটিং গড় ৪৯.৬০। মোট রান ৪৯৬। একটি শতক ছাড়া অর্ধশতকের ইনিংস আছে দুটি। ২০০৪ সালে কলম্বোতে ৮২ রানের চমত্কার এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন শচীন। সেটিই বাংলাদেশের বিপক্ষে তাঁর একমাত্র অপরাজিত ইনিংস। বাকি ১০টি ইনিংসে শচীন বোল্ড আউট হয়েছেন দুবার। ক্যাচ আউট সাতবার এবং রানআউট একবার। শচীনের বিপক্ষে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ রফিক। তাঁকে দুবার আউট করেছেন এই বাঁহাতি স্পিনার। এ ছাড়া একবার করে টেন্ডুলকারের উইকেটের স্বাদ পেয়েছেন এনামুল হক (মনি), আতাহার আলি খান, মুশফিকুর রহমান, নাজমুল হোসেন, খালেদ মাহমুদ, আবদুর রাজ্জাক ও মাশরাফি বিন মুর্তজা।