বাংলাদেশের বিপক্ষে সেরাটাই দিতে হবে: হাফিজ

বাংলাদেশ দল এই মুহূর্তে আত্মবিশ্বাসের তলানিতে, কিন্তু তাতে কী? টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো দলকে হেলাফেলার সুযোগ নেই বলেই মনে করেন মোহাম্মদ হাফিজ। বাংলাদেশের বিপক্ষে জয় পেতে নিজেদের সেরা খেলাটাই জরুরি বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে কোনো দলই সহজ নয়। অপেক্ষাকৃত দুর্বল দলও এই ফরম্যাটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে। তাই কোনো দলকে হালকাভাবে দেখার সুযোগ নেই।’
পাকিস্তান দলের প্রতিটি সদস্যই জানে, এই মুহূর্তে তাঁদের করণীয় কী—হাফিজ এমন মন্তব্য করে আদতে জানাতে চাইলেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটাও তাঁদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। দুই ম্যাচ খেলে একটি জয় আর আরেকটিতে পরাজয় নিয়ে এই মুহূর্তে চাপে আছে ২০০৯ টি-টোয়েন্টি চ্যাম্পিয়নরা। বাংলাদেশের বিপক্ষে অপ্রত্যাশিত কিছু বিপদে ফেলে দিতে পারে। হাফিজ তাই সতর্ক, ‘কাল ভুলের কোনো সুযোগ নেই। দলের সবাই এটা খুব ভালো করেই জানে। কালকের ম্যাচের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর বিশ্রামের বেশ ভালোই সুযোগ পেয়েছে পাকিস্তান দল। ব্যাপারটা দলের ভালো পারফরম্যান্সের জন্য গুরুত্বপূর্ণ অনুষঙ্গ বলে মনে করেন হাফিজ, ‘আমরা ছয় দিন বিশ্রাম পেলাম। এর মাঝে হালকা অনুশীলন করেছি। খেলোয়াড়েরা নিজেদের সমস্যাগুলো নিয়ে কাজ করেছে।’
দিনের চেয়ে মিরপুরে রাতের ম্যাচের কন্ডিশন সম্পূর্ণ আলাদা—এ কথা বিশ্বাস করেন না হাফিজ। তিনি মনে করেন, জয় পেতে কন্ডিশনের চেয়ে দলীয় নৈপুণ্যই বেশি গুরুত্বপূর্ণ, ‘রাতের কন্ডিশন মোটেই আলাদা নয়। জিততে হলে আপনাকে ভালো খেলতে হবে, এটাই আসল।’
শহীদ আফ্রিদির মতো খেলোয়াড়কে এই ফরম্যাটে দলের গুরুত্বপূর্ণ সম্পদ বলেই মনে করেন হাফিজ, ‘টি-টোয়েন্টিতে লেগ স্পিনাররা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শহীদ আফ্রিদি যেমন আমাদের দলের। তিনি ম্যাচ উইনার। দলের জন্য তিনি দারুণ এক সম্পদ।’
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের আন্তরিক প্রশংসাই করেছেন হাফিজ, ‘ভারত দারুণ খেলে সেমিফাইনাল নিশ্চিত করেছে। অভিনন্দন তারা পেতেই পারে। পরিশ্রমের ফল তারা হাতে হাতেই পেয়েছে।’